Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের বক্তব্যে বিএনপি নেতাদের পাল্টা জবাব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৮:১৫ পিএম

শামীম ওসমানের বক্তব্যে বিএনপি নেতাদের পাল্টা জবাব
Swapno

 

# সন্ত্রাসী রাজনীতি বিএনপি করে না : এড. সাখাওয়াত
# সাধারণ জনগণের সকল চাহিদা মেটানোর রাজনীতি করে বিএনপি : খোকন
# শামীম ওসমানকে দেখে বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না : টিপু

 

 

নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি বর্তমানে অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। দফায় দফায় দলীয় প্রোগ্রামের মাধ্যমে জিমিয়ে থাকা নেতাকর্মীদের জাগিয়ে তুলছেন নেতাকর্মীরা। সেই সাথে সাথে একের পর কর্মসূচিতে শহরে ব্যাপক চমক সৃষ্টি করে যাচ্ছেন তারা। সেই সাথে ত্যাগী নেতাকর্মীরা যাতে বিগত দিন থেকে বর্তমানে রাজপথে আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

 

কিন্তু বিএনপির নেতাকর্মীদের দাবি, নারায়ণগঞ্জের এক প্রভাবশালী এমপি শামীম ওসমান তার সকল দলীয় বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের নিয়ে উসকানী মূলক বক্তব্যে রেখে থাকেন। তার পাশাপাশি নেতাকর্মীরা যাতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে না পারে সেই লক্ষ্যে তিনি বলা চলে দমকের মতোই উচ্চ স্বরে বিরোধী দলের নেতাকর্মীদের দমানোর চেষ্টা করে যাচ্ছে।

 

গতকাল শনিবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের এক কর্মী সভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ওরা (বিএনপি) ঈদের আগে এই সোমবার থেকে হয়ত টুকটাক সহিংসতা করতে চেষ্টা করবে। ঈদের পর জুন মাসের পর জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য নামবে। যারা লাফালাফি করছেন আমাদের ধৈর্য কিন্তু কমে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, সেদিন তাদের (বিএনপি) মিছিল হলো। সেখানে আমি একা হাজির হলাম। ওরা নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের ওপর দোষ চাপাতে চেয়েছিল। ওদের ভেতর থেকেই খবর ছিল এমনটা। আমাদের ভেতর যেমন ওদের এক দুইজন আছেন ওদের ভেতরও আমার অনেক লোক আছেন। আমি খবর পেয়ে গাড়ি নিয়ে সংসদ থেকে সরাসরি চাষাড়া এলাম। একা গিয়ে বিজয় স্তম্ভের সামনে দাঁড়ালাম।

 

সাংবাদিকেরা আমাকে দেখলেন। ওদেরকেও সাংবাদিকদের কেউ কেউ কেউ জানালেন শামীম ওসমান গাড়ি নিয়ে চাষাড়া এলাকায় বসে আছে। ওদের মিছিল শেষ, সভাও শেষ। একা শামীম ওসমানকে দেখে যদি এই অবস্থা হয়, তাহলে এই ভীমরুলের চাক দেখলে কী করবে তারা! তিনি আরো বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে যেসব কথা হচ্ছে আমাদের ধৈর্য কমে যাচ্ছে। নারায়ণগঞ্জে অনেক বড় বড় নেতা আছেন। আমি তো কর্মী, নেতা না। সাবধান, ঘরে থাকতে পারবেন না।

 

তিনি আরও বলেন, পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বলেছি আপনার কথা এবার শুনবো না। আপনি জাতির পিতার কন্যা। আপনি ওদের সঙ্গে গণতন্ত্রের চর্চা করুন, আমি করতে পারবো না। সারা পৃথিবীতে ত্রাহি অবস্থা উল্লেখ করে শামীম ওসমান বলেন, বিদেশে এক কেজি মাংসের দাম এখন ২৮২ দিরহাম। একজন ফোন করে বলল এখন আর বার্গার খেতে পারি না। আগে ছিল দাম ২০০ এখন ১২০০। অথচ সেই সুযোগ নিয়ে বিএনপি বাংলাদেশকে অশান্ত করতে চায়।

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো সন্ত্রাসী রাজনীতি করে না। স্বচ্ছ রাজনীতির মাধ্যমে এগিয়ে যাওয়াই বিএনপির মূল লক্ষ্যে। আর বিএনপির নেতাকর্মীরা কখেনোই কারো ভয়ে পালিয়ে যায়নি কারা পালায় এটা নারায়ণগঞ্জবাসী ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা খুব ভালো করেই জানে। আর বিএনপির নেতাকর্মীরা কখেনোই অন্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উসকানী মূলক বক্তব্যে দেয় না।

 

তারা যে বক্তব্য দেয় সকল বক্তব্য সাধারন জনগণের চাহিদা ও মানসম্পূর্ন বক্তব্য। আর আমরা তো জ্বালাও পোড়াও রাজনীতি করছি না, দফায় দফায় হরতালের ডাক দিচ্ছি না। এগুলো কারা এক সময় করেছে এটা ও কিন্তু মানুষ ভূলে যায়নি। আর শামীম ওসমান সাহেব একজন সাংসদ সদস্য উনার মূখে বিরোধী দলের নেতাকর্মীদের নিয়ে এই ধরনের বক্তব্য শোভা পায় না তার সকল বক্তব্য হবে সুশীল ও সাধারণ  জনগনের পক্ষে। কিন্তু তা করে সে সকল প্রোগ্রামেই বিরোধী দলকে ছোট করে বক্তব্য দিয়ে থাকেন।

 

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ জনগনের একটি পছন্দের দল। কারণ এই দলের নেতাকর্মীরা সকল সময় সাধারণ জনগণের পক্ষেই কাজ করে থাকে। আর বর্তমানে বিএনপি যে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তা সাধারণ জনগনের সকল চাহিদা মেটানোর আন্দোলণ করে যাচ্ছে। আর বিএনপির নেতাকর্মীরা বিগত দিনেও স্বচ্ছ রাজনীতির মাধ্যমে রাজপথে ছিলো আর বর্তমানেও আছে এখানে কারো ধমকের ভয়ে পালানোর কিছু নেই। বিএনপি রাজপথে ছিল রাজপথে আছে, রাজপথেই থাকবে।

 

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, শামীম যে বক্তব্য দিয়েছেন এটা হলো তার রাজনৈতিক স্ট্যান্ডবাজী। কখনো শামীম ওসমানকে দেখে বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না। বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতন হামলা-মামলা সকল কিছূ মোকাবেলা করেই এই নারায়ণগঞ্জের রাজপথে আছে। আর বিএনপি কখনো পালানোর রাজনীতি করে না পলানোর ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর অভিযোগ রয়েছে কিন্তু বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে এমন কোন অভিযোগ নেই।

 

তিনি আরো বলেন, আমরা কারো হুমকি ধমকিতে ভয় পাই না। আমরা রাজপথের আন্দোলনে বিশ্বাসী। আর সে যে বলেছে যে, সে বার বার বলে বিএনপি অরাজকতা করে নিশ্চই তারা এমন কোন পরিকল্পনা করে রেখেছে। হয়তো তারা অরাজকতা করে বিএনপির নাম দেওয়ার জন্য বসে আছে। আর আমরা বর্তমানে গণতন্ত্র মুক্তির জন্য রাজপথে আছি। আর নারায়ণগঞ্জের মানুষ জানে কারা সন্ত্রাসী রাজনীতি করে। আর আমরা তাদের বাধা ফাঁদে পা দিবো না। তারা যত কিছুই বলুক আমরা রাজপথে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাবো।এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন