যে সকল কারণে গঠন হয়নি বক্তাবলী ইউনিয়ন বিএনপির কমিটি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৬:২৭ পিএম
ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়নের মাঝে চারটি ইউনিয়নে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এখনো বাদ রয়ে গেছে বক্তাবলী ইউনিয়ন বিএনপির কমিটি। খোঁজ নিয়ে জানা গেছে এই ইউনিয়নে সভাপতি পদে দুই জন প্রার্থী তৎপর থাকায় কমিটি গঠন করছে না ফতুল্লা থানা বিএনপি।
এবার যে দুইজন নেতা বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি হতে চান তারা হলেন বর্তমান আহবায়ক আকবর আলী সুমন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক লোকমান হোসেন। মূলত এ কারনেই এই ইউনিয়নে এখনো কমিটি হচ্ছে না বলে জানা গেছে।
তবে এই ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক আকবর আলী সুমনের সমর্থকরা জানিয়েছেন বাকী চারটি ইউনিয়নে যারা আহবায়ক ছিলেন তাদেরকেই সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই চারটি ইউনিয়ন হলো কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা এবং কুতুবপুর।
তাই তারা মনে করেন যেহেতু চারটি ইউনিয়নের আহবায়কদেরকেই সভাপতি করা হয়েছে তাই বক্তবলীতেও সুমন আকবরকেই সভাপতি করা উচিৎ ছিলো। কিন্তু বিপরিতে লোকমান হোসেনের সমর্থকদের দাবি হলো এই ইউনিয়নে লোকমান হোসেন একজন সিনিয়র নেতা এবং তিনি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিলেন তাই এ সময় তিনি সভাপতি হওয়ার দাবি রাখেন।
তাই এই দুই নেতার মাঝে কাকে রেখে কাকে সভাপতি করবেন এই স্বিদ্ধান্ত নিতে না পারার কারনেই শেষ পর্যন্ত এখনো বক্তাবলী ইউনিয়নের কমিটি করা সম্ভব হয় নাই বলে অনেকে মনে করেন।
এদিকে এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন বক্তাবলীতে এখন দুটি সমস্যা দেখা দিয়েছে। ১) সেখানে সবাই নেতা হতে হতে চায়, কেউ কাউকে ছাড় দিতে চায় না। ২) সেখানে যুবদল নেতারা এখন যুবদল বাদ দিয়ে মূল দলের নেতা হতে চাইছেন। অথচ মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়ের মতো নেতারা ৫৫ বছর বয়স পর্যন্ত যুবদল করেছেন।
অথচ আমাদের ফতুল্লায় যুবদলের নেতারা কিছুদিন যুবদল করেই মূল দলের নেতা হতে চান। আর বক্তাবলীতে এখন এ বিষয়টি বেশ প্রকট। যার ফলে বক্তাবলীতে এখনো কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। মূলত এই দুই কারনে বক্তাবলীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা যাচ্ছে না। তাই জেলা বিএনপির সম্মেলনের পর এ বিষয়ে চূড়ান্ত স্বিদ্ধান্ত নেয়া হবে বলে ওই নেতা জানান। এন.হুসেইন রনী /জেসি


