নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ৩১ জুলাই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৩, ১০:৫৮ এএম
আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সম্মেলন। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থেকে সম্প্রতি ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দিপনা বিরাজ করছে। কেউ কেউ ছুটছেন রাজধানী ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে। তারিখ ঘোষণার পর থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীরা জীবন বৃত্তান্ত নিয়ে ছুটছেন কেন্দ্রের দিকে।
২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পদে ছিলেন নিজাউদ্দিন। আর মহানগরের সভাপতি জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন সাইফউদ্দিন আহমেদ দুলাল।
একই সাথে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে সেদিন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সদর থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা কমিটি ও মহানগরের অন্তর্গত ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এন. হুসেইন রনী /জেসি


