জাতীয় নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি নিচ্ছেন শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৮:০৯ পিএম
# কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন এবং আন্দোলন মোকাবেলার নির্দেশনা
# নারায়ণগঞ্জ জেলা বিএনপির সফল সম্মেলন নিয়ে নানা আলোচনা
অবশেষে আবারও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। এরই মাঝে তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে তার দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছেন। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক তৎপরতা শুরু করেছেন এবং বিভিন্ন কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছেন। গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের একাধিক সূত্র দৈনিক যুগের চিন্তাকে এসব তথ্য জানিয়েছেন। সূত্রগুলো জানায় নির্বাচন যেভাবেই হোক তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখবেন।
এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের একটি সূত্র জানায় সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবার ইউরোপে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছিলেন। তিনি বিদেশ থেকে এসেই তাদেরকে ডেকেছেন এবং নির্বাচনে প্রস্তুতি নেয়ার কথা বলেছেন। নির্দেশ দেয়া হয়েছে নির্বাচনের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করার জন্য। শামীম ওসমান দুটি বিষয়কে মাথায় রেখে এসব কমিটি গঠন করার কথা বলেছেন। এ দুটি বিষয় হলো ১) ঈদের পর বিএনপির সম্ভাব্য আন্দোলন মোকাবেলা করা ২) আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা।
সূত্রটি আরো জানিয়েছে সংসদ সদস্য শামীম ওসমান মনে করেন এবারের পরিস্থিতি আগের মতো নেই। অনেকটাই ঘোলাটে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত সব কিছু ঠিক করে ফেলবেন। তিনি সবাইকে চোখ কান খোলা রাখতে বলেছেন। কারন ঈদের পর বিএনপি যে মাঠে নামবে এটা প্রায় নিশ্চিত। তবে এবারও তারা সফল হবে না।
শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে এবং সরকার ঘটন করবে আওয়ামী লীগ। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকার কোনো বিকল্প নেই বলেই মনে করেন শামীম ওসমান এমপি। তাই তিনি উল্লেখিত দুটি বিষয়কে মাথায় রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন বলে জানা গেছে।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের অনুসারী বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বলে আরো জানা গেছে, শামীম ওসমান এবং তারা নিজেরা মনে করেন এবারের নির্বাচনে বিএনপি অংশ নেবে না বা নিতে পারবে না। কারন বিএনপি যে শর্ত দিচ্ছে সেই শর্ত সরকার মানবে না। সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন করবে। আর সংবিধান অনুযায়ী নির্বাচন করলে সেই নির্বাচনে বিএনপি যে অংশ নেবে না এটা এখন দিবালোকের মতো পরিস্কার।
কারন নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে। তাই বিএনপিকে বাদ দিয়েই এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেই নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু। আর সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসাবে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন সহ আরো অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেবেন। কিন্তু নির্বাচনে বিএনপি থাকবে না। এতে আওয়ামী লীগের প্রার্থীরা থাকবেন বেশ সুবিধাজনক অবস্থানে।
কিন্তু তার পরেও নির্বাচন যেহেতু অবাধ ও সুষ্ঠু হবে তাই চ্যালেঞ্জ থাকবে। ফলে নির্বাচনে যাতে আওয়ামী লীগের নিজস্ব যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংককে কাজে লাগানো যায় সেই চেষ্টা করা হবে। এছাড়া ঈদের পর বিএনপি যে আন্দোলন জমানোর চেষ্টা করবে এটা এখন প্রায় নিশ্চিত। তাই এ বিষয়টি মাথায় রেখে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন শামীম ওসমান।
অপরদিকে সাম্প্রতিক সময়ে বিএনপি দলীয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন যেভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এ বিষয়টিও তারা মাথায় রাখছেন। কারন গিয়াস উদ্দিন নিজে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মাঠে থাকবেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপিও দল গোছাচ্ছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন। তারা সেদিকেও নজর রাখছেন।
কারন এটাও সত্য যে মার্কিন ভিসা নীতি ঘোষনার পর থেকে বিএনপি অনেকটাই অবাধে তাদের সব কর্মসূচি পালন করছে। তাদেরকে আগের মতো বাধা দিচ্ছে না প্রশাসন। দিলে তারা এভাবে জেলা বিএনপির সম্মেলন করতে পারতো না। নারায়ণগঞ্জ-৪ আসন এলাকায় গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন করেছেন এবং এই সম্মেলনে বক্তব্য রেখেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
তাই বিষয়টি হালকা করে দেখার সুযোগ নেই বলেই মনে করেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কেনো না তারা যেভাবে সম্মেলন করতে সক্ষম হয়েছে সেভাবে যদি আন্দোলনের মাঠে নামে তাহলে পরিস্থিতি মোকাবেলা করতে আগের তুলনায় বেগ পেতে হবে। তাই এসব বিষয় মাথায় রেখেই সংসদ সদস্য শামীম ওসমান ও তার অনুসারীরা সকল প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে শামীম ওসমানের ঘনিষ্ঠ সূত্র। এস.এ/জেসি


