শামীম ওসমানের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বিএনপির
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৮:১২ পিএম
# খোদার কসম বিএনপি ক্ষমতায় আসতে পারবে না : শামীম ওসমান
# তাদের মাঝে ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছে : সাখাওয়াত হোসেন খান
# নিরপেক্ষ নির্বাচন হলে তারা ১০টি আসনও পাবে না : গোলম ফারুক খোকন
আগামী নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতি থেকে শুরু করে স্থানীয়ভাবে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে। আওয়ামী লীগ এক দিকে টানা চতুর্থ বারের মত ক্ষমতায় থাকতে নির্বাচনী প্রচরনার পাশাপাশি বিএনপির আন্দোলনকে দমাতে মাঠে রয়েছে। অপরদিকে বিএনপি গত বছরের শেষের দিক থেকে এই পর্যন্ত ১০ দফা দাবী আদায়ে তারা জেলা মহানগর বিভাগীয় ভাবে পদযাত্রা, বিক্ষোভ সভা সহ যুগপুৎ আন্দোলনের মাঠে রয়েছে।
কিন্তু এবার তারা আগামী ১২ জুলাই ঢাকা সমাবেশের মাধ্যমে এক দফা আন্দোলনের ঘোষনা দিতে পারেন বলে তা নিয়ে আলোচনা হচ্ছে। ১২ জুলাইয়ের ঢাকার সমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি, যুবদল সহ সকল সহযোগী সংগঠন গুলোর প্রস্তুতি সভা করেছে। ইতিপূর্বে ঢাকা কেন্দ্রিক বিএনপির কর্মসূচিতে সবচেয়ে বেশি অগ্রনী ভূমিকা পালন করেছে। তবে বিএনপিকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরী হয়েছে।
এদিকে শুক্রবার ৭ জুলাই ফতুল্লার এক সভায় বক্তব্য রাখতে বিএনপিকে নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, খোদার কসম খেয়ে বলছি বিএনপি ক্ষমতায় আসবে না। তাছাড়া জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, বর্তমানে নির্বাচন কে সামনে রেখে বিএনপির একজন ব্যক্তি জলাবদ্ধতা সহ নানা ইস্যু নিয়ে খোঁচাখুচি করছে। সামনে নির্বাচন তাই তিনি মাঠে নেমেছেন। খোঁচাখুচি করবেন না। জনগনের কাছে যান। জনগন গ্রহন করলে আমাদের কিছু করার নেই। খোঁচাখুঁচি করলে টিকতে পারবেন না। জনগণকে নিয়ে রাস্তায় নামলে তখন মা গো বলে বলার সময় পাবেন না।
এর আগে জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেন, সরকার সাড়ে ১৪ বছর ধরে ক্ষমতায় থেকেও মানুষের এমন দুর্ভোগ দুর্দশা দূর করতে পারেন নি। এতদিন পর এসে উনি বলেন গলা সমান মায়লা পানিতে নেমে আন্দোলন করবেন সংগ্রাম করবেন। নির্বাচনের বাকি আর পাঁচ মাস।
এখন এসে মানুষের জন্য কাজ করার আশ্বাস দিচ্ছে। এতোদিন এখানকার মানুষকে ময়লা পানিতে চুবিয়ে রাখা হয়েছে খবর নেয় নি। এতোদিন কোথায় ছিলেন আপনারা? সাড়ে ১৪ বছরে যা পারে নি এই পাঁচ মাসেও আর পারবেন না। মানুষ বোঝে আপনারা যে নির্বাচন ঘনিয়ে আসলে জনগণের জন্যে কাজ করতে আগ্রহ দেখান। আবার নির্বাচন শেষ হলে পালিয়ে যান।
এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান যে মন্তব্য করেছেন তা নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। তিনি কসম খেয়ে বলেছেন বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তার এমন মন্তব্য নিয়ে বিএনপি থেকে শুরু করে সচেতন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে শামীম ওসমান কী করে জানেন বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তাও আবার কসম খেয়ে বলছেন। তিনি বিএনপির ক্ষমতায় আসার আগমুহূর্ত দূরের থাক আগামী নির্বাচন পর্যন্ত বাচঁবেন কী না তিনি নিজেই জানেন না।
যা শামীম ওসমান নিজে বলেছেন। এমনকি আগামী নির্বাচন করবেন কী না তাও জানেন না বলে সকলের সামনে মন্তব্য করেছেন। অথচ বিএনপির ক্ষমতায় আসা নিয়ে এই খোদার কসম খেয়ে বলেছে তারা ক্ষমতায় আসতে পারবে না। তার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে। তবে নারায়ণগঞ্জ বিএনপি নেতারাও তাকে ছেড়ে দেন নাই।
শামীম ওসমানের মন্তব্যের কঠোর জবাব দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, তিনি ভয়ে এই মন্তব্য করেছেন। তাদের মাঝে এখন ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছে। কেননা সুষ্ঠু নিরপেক্ষভাবে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। কেননা এই দেশের জনগণ তাদের ভোট দিবে না। বিএনপি নেতা আরও বলেন, সৃষ্টি কর্তার নামে কসম খেয়ে এই রাজনৈতিক মাঠে এই ধরনের মন্তব্য শিষ্টাচারের বহির্ভূত।
তার এই মন্তব্যে বুঝা যায় তারা বিরোধী দলের প্রতি সহনশীল না। তিনি দাম্ভিকতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারা দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। যদি সৎ সাহস থাকে নিরপেক্ষ ভাবে ভোট দিয়ে দেখুক। তার এলাকার মানুষ পানিতে সাঁতরায়। ফতুল্লার মানুষ সারা বছর পানিতে ডুবে থাকে। তিনি জনগণের কষ্ট লাগব করতে ব্যর্থ হয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে জানান, তিনি কোন আউলিয়া নন যাতে করে ভবিষ্যৎ বানী দিতে পারবেন বা তার কথা বানী হয়ে যাবে। তারা মিথ্যার উপর ভরে করে রাজনীতি করে। কিন্তু আমরা মিথ্যার উপর রাজনীতি করি না। আমাদের উপর মানুষের আস্থা রয়েছে। কেননা বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে। তাছাড়া তারা বিনা ভোটে নির্বাচন করে সরকার গঠন করেছে।
নিরপেক্ষ ভাবে ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে আমি মনে করি। তারা ভোটের রাজনীতিতে শূন্যের কোঠায় রয়েছে। তাদের পায়ের নিচে এখন মাটি নেই। আগামী নির্বাচনে আমাদের দাবী আদায় হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করবে। এস.এ/জেসি


