ফতুল্লাকে প্রথমেই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করবো : গিয়াসউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১০:৫১ পিএম
# স্থানীয় এমপির আন্তরিকতার অভাবে তেমন কোনো উন্নয়ন হয়নি ফতুল্লায়
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, দেশে যদি কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আমি যদি বিএনপির মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তাহলে অবশ্যই জনগনের স্বার্থকে অগ্রাধীকার দিয়ে ফতুল্লা থানা এলাকাকে সিটি করপোরেশনের আওতাভুক্ত অথবা পৃথক পৌরসভা হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। গতকাল দৈনিক যুগের চিন্তার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে বিগত পনেরো বছরেও ফতুল্লার আশানুরূপ কোনো উন্নয়ন হয় নাই। আর এই উন্নয়ন না হবার প্রধান কারণ হলো ফতুল্লাকে স্থানীয় এমপি নিজের স্বার্থ হাসিল করার জন্য আজও গ্রামের মর্যাদায় রেখে দিয়েছেন। তিনি ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনে যেতে দেননি। আর ইউনিয়ন পরিষদ যে বাজেট পায় সেই বাজেট দিয়ে ফতুল্লার মতো একটি শহরাঞ্চলের প্রকৃত উন্নয়ন করা সম্ভব নয়।
জনবহুল ফতুল্লা থানা এলাকার উন্নয়ন না হবার এটাই আমি প্রধান কারণ বলে মনে করি। এছাড়া এমপির গাফিলতিতো রয়েছেই। এ সময়ে এসে তিনি নিজেই পানিতে নেমে দেখিয়েছেন কি পরিমান দুর্ভোগের মাঝে রয়েছেন ফতুল্লা অঞ্চলের মানুষ। এমপি একদিনে মাত্র কয়েক মিনিট পানি মারিয়ে ফটোসেশন করে নিজের দায়িত্ব সেরেছেন। অথচ ওই এলাকা সহ আশপাশের এলাকার মানুষ বছরের পর বছর ধরে এমন সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন। তাই আমি দাবি জানাবো, দয়া করে মানুষকে আর কষ্ট দেবেন না।
আপনি আন্তরিক হলে আরো অনেক আগেই ওই এলাকার সকল সমস্যার সমাধান করতে পারতেন। মুহম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন নারায়ণগঞ্জের জনগণ বেশ ভালো করেই জানেন আমি একবার মাত্র পাঁচ বছর এমপি ছিলাম। তখন আমি সিদ্ধিরগঞ্জকে পৌরসভা করে রেখে গিয়েছি। যার ফলে পরবর্তীতে সিদ্ধিরগঞ্জকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় নেয়া বেশ সহজ হয়েছে। আর সিটি করপোরেশন হওয়ার কারণে সিদ্ধিরগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে।
এমপিকে আমি আহবান জানাবো আপনি আপনার ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ দুটি এলাকা ঘুরে দেখুন। তাহলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। তাই আমি দাবি করতেই পারি সিদ্ধিরগঞ্জকে আমি পৌরসভা করেছিলাম বলেই সিদ্ধিরগঞ্জবাসী আজ তার সুফল ভোগ করছেন। পরবর্তীতে আমি সময় না পাওয়ায় ইচ্ছে থাকার পরেও ফতুল্লাকে পৌরসভা করতে পারি নাই। কিন্তু মহান আল্লাহপাক যদি আবার সুযোগ দেন তাহলে প্রথমেই আমি ফতুল্লাকে সিটি করপোরেশন অথবা পৌরসভার অন্তর্ভুক্ত করবো ইনশাআল্লাহ। এস.এ/জেসি


