# যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সাথে তর্কে জড়ানো নেতার বাড়িতে এই হামলা চালায় ছাত্রলীগ
আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান মানেই ঘটনা-অঘটন। দেশে কিংবা দেশের বাইরে বিভিন্নভাবে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আমেরিকার ভিসা নিয়ে নানা গুঞ্জন, পরবর্তীতে আমেরিকায় পদার্পণ এবং আমেরিকায় প্রবাসীদের লাঞ্ছিতের ঘটনায় টক অব দ্যা কান্ট্রি নারায়ণগঞ্জের শামীম ওসমান। শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রে লাঞ্ছিতের ভাইরাল হওয়া ভিডিওর রেশ ধরে দেশব্যাপী নানা অঘটন ও মারামারি হামলার ঘটনা ঘটছে।
নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজে চার ছাত্রদল নেতাকে ছিনতাইকারী অপবাদ দিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদল ও বিএনপি কর্মীরা ভিডিও ভাইরালে যুক্ত থাকায় ক্ষুব্ধ হয়েই ছাত্রদল কর্মীদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ।
নারায়ণগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ভোট চোর অপবাদ দিয়ে তর্কে জড়ানো যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের কর্মী বাদল মির্জার বাড়িতে হামলা চালিয়েছে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই বাড়ির কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে বাড়ির সদস্যরা জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের বাড়িতে এই হামলা চালানো হয়।
বাদল যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী। এরই মধ্যে হামলার ঘটনার ৩ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনের নেতৃত্বে বাদলের বসতঘরের সামনে বিভিন্ন শ্লোগান দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন সম্রাটসহ উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে নেতাকর্মীরা ককটেল হামলা ও ভাঙচুর চালায়।
হামলার কথা স্বীকার করে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সুজন বলেন, ‘শামীম ওসমান সারা বাংলাদেশের গর্ব। তাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। মূলত বাদল মির্জা আওয়ামী লীগ ও আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেছেন। তাই একজন ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা মেনে নিতে পারি নাই। এ কারণে আজ তার ঘরের সামনে বিক্ষোভ-মিছিল করেছি। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা তার বসতঘরে হামলা ও ভাঙচুর করে।"
এ বিষয়ে বাদল মির্জা মেসেঞ্জার কলে বলেন, ‘আমার বাড়িতে ছাত্রলীগের যারা হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাই এবং তীব্র নিন্দা জানাই। আমি শামীম ওসমান ভাইকে গণতন্ত্র নিয়ে কথা বলেছি, কিন্তু কোনো কটুক্তি করি নাই। আমার পরিবারের কেউ নিরাপদ নন। আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলার বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, কারা হামলা চালিয়েছে তা তিনি জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে শামীম ওসমানের গাড়ি দেখে ভোট চোর শ্লোগান দেয় যুক্তরাষ্ট্র বিএনপির সমর্থকেরা। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও বিভিন্ন শ্লোগান দেয় এ সময় শামীম ওসমান গাড়ি থেকে নেমে বিএনপি সমর্থকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে বাদল মির্জা উপস্থিত ছিলেন এবং শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ান।
শামীম ওসমানকে আমেরিকায় লাঞ্ছনার জের ধরে নারায়গঞ্জ তোলারাম কলেজে ছাত্রদল নেতাকে ছিনতাইয়ের অপবাদ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আরও তিন-চারজন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল ১৪ জুলাই তোলারাম কলেজে এ ঘটনাটি ঘটে।
মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাজিবকে উদ্ধার করে বাকিদের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ রাজিবসহ বাকিদের আহত অবস্থায় হ্যান্ডকাপ পড়িয়ে আটক করে। রাজিবের অবস্থা শারীরিকভাবে গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফারেন্স করা হয়। আহত ছাত্রদল নেতার নাম আজিজুল ইসলাম রাজিব। সে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরকারি তোলারাম কলেজের সদস্য সচিব। এস.এ/জেসি


