নির্বাচনে প্রার্থীতা নিয়ে মুখ খুললেন সেলিম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৮:৪৯ পিএম
# নির্বাচন করা আমার জন্য কোন ব্যাপার না : সেলিম ওসমান
# মাঠ গোছাচ্ছে নৌকার সম্ভাব্য প্রার্থীরা
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগ বিএনপি। একই সাথে সরকারকে ক্ষমতা থেকে হটাতে একের পর এক বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। অপরদিকে বিএনপিকে ঠেকাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও মাঠে শান্তি সমাবেশ করে যাচ্ছে।
কিন্তু এই দিক দিয়ে নিরব ভুমিকায় থেকে সুযোগের অপেক্ষা রয়েছে জাতীয় পার্টি। তারা কোন আন্দোলন সংগ্রামে কিংবা রাজনীতির মাঠে না থেকে সুযোগ সন্ধানীতে রয়েছেন বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধামহল।
ইতোমধ্যে বিরোধী দল বিএনপি শেখ হাসিনার পদত্যাগ দাবী করে এক দফা কর্মসূচি করেছে দল। দীর্ঘ দিন যাবত নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী দাবী জানিয়ে আসছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা। তারা এবার এখানে জাপাকে ছাড় দিতে নারাজ। আর এজন্য আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে একমত পোষন করেছে।
এদিকে আগামী সংসদ নির্বাচনে নিজের প্রার্থী হওয়া নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, নির্বাচন এখনো অনেক দেরী। নির্বাচন করা আমি সেলিম ওসমানের জন্য বড় ব্যাপার না। যতদিন আমার দম চলবে ততোদিন আমি জনগনের গোলামী করে যেতে চাই।
ভালো কাজ করতে পারলে আপনারাই আমাকে নির্বাচন করতে বলবেন। আপনাদের মতামত নিয়েই আমি নির্বাচন করবো। বড় বড় কথা নয়। বড় বড় কাজ করতে হবে। ছোট ছোট কাজগুলোই এক সময় বড় হয়ে উঠে। তাই আমি নির্বাচন নিয়ে এখনোই ভাবছিনা।
অপরদিকেই এই জনপ্রতিনিধি আগামী দ্বাদশ নির্বাচনে প্রার্থী হবেন কি না তা পরিষ্কার না করলেও আগামী কাজ করতে চান তার ইঙ্গিত দিয়ে বলেছেন। এই বন্দর কে আমি সাজাতে চাই। এই বন্দরের শান্তিরচরে নীটপল্লী হবে। লাঙ্গলবন্দে মেগাপ্রকল্প হবে।
এই বন্দর উপজেলা হবে সারা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী উপজেলা। তবে আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আগামী আবারো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ব্যপক আলোচনা হচ্ছে। এছাড়া সচেতন মহল থেকে প্রশ্ন উঠেছে তিনি বিগত ১০ বছর কি উন্নয়ন করেছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান করা ছাড়া তেমন কোন দৃশ্যমান উন্নয়ন নেই বন্দরে। তাহলে আগামী নির্বাচনে তিনি জয়ী হয়ে এই কাজ গুলো করবেন তারই বা নিশ্চয়তা কতটুকু।
এই সকল নানা প্রশ্ন রাজনৈতিক মহলের মাঝে ঘুর পাক খাচ্ছে। তাছাড়া এমপি সেলিম ওসমান সব সময় বলে থাকেন সকল দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষদের নিয়ে তিনি কাজ করেন। কোন দল দেখেন না। যদিও তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে দুই বার নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জানা যায়, সম্প্রতি সময়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী হতে চেয়ে আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ ব্যানার পোষ্টার টানিয়ে প্রচারণা চালান। আর এ নিয়ে এমপি সেলিম ওসমান ক্ষোভ প্রকাশ করেন। প্রচারণা প্রার্থীদের মাঝে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুর সমর্থকরা তাকে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি হিসেবে দেখতে চেয়ে ব্যানার ফেস্টুন টানিয়ে প্রচারনা চালান।
এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকরাও তার ছবি দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের তাকে এমপি হিসেবে দেখতে চেয়ে ব্যানার পোষ্টার টানিয়ে সদর বন্দরে প্রচারণা চালান। তখন তাদের এই প্রচারণা নিয়ে ক্ষুব্দ প্রকাশ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।
তখন ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশ্যে সাংসদ সেলিম ওসমান বলেন, ব্যানার পোষ্টার টানিয়ে মানুষের ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগনের কাছে যেতে হয়। মানুষের জন্য কাজ করতে হয়। অযথা পোষ্টারের পিছনে টাকা খরচ না করে মানুষের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। এস.এ/জেসি


