‘সৌজন্য ও কল্যাণের রাজনীতি দেখালেন মাননীয় প্রধানমন্ত্রী’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০১:৪৭ পিএম
বিএনপির দুই নেতার খোঁজ খবর নেয়াকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য ও কল্যাণের রাজনীতি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তার এক ফেসবুক স্ট্যাটাসে লিয়াকত হোসেন খোকা লেখেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেন রাজনৈতিক নেতা-নেত্রীরাই।
রাজনীতি তো রাজনীতির জায়গায়, সৌজন্য কেন থাকবে না? এই জায়গায়ই মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টান্তমুলক উচ্চতার রাজনীতিক। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান।
এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন ধরনের মৌসুমি ফল ও জুসের বুকেট তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল আমান উল্লাহ আমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আমানউল্লাহ আমানকে দেখে হাসপাতালের বাইরে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের লিকু বলেন, প্রধানমন্ত্রী মানবতার মা।
তিনি আমান ভাইকে উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন সে বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার জন্য ফল ও খাবার পাঠিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমানউল্লাহ আমান পছন্দের যেকোনো জায়গায় যেতে পারেন। রাজনীতির বাইরেও আমাদের মধ্যে একটা মানবিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইতোপূর্বেও খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পরে শেখ হাসিনা অবরুদ্ধ খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন। তিনি তখন ক্ষমতাসীন দলের প্রধান শুধু নন, দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একটি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যান, তখন ওই ভবনের ভেতরে দলের সিনিয়র নেতারা কেউ কেউ ছিলেন।
তাঁরা বেরিয়ে এসে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে বসাতে পারতেন। এবং সেটাই করা ছিল তাঁদের ১০০ ভাগ সামাজিক ও দলীয় দায়িত্ব। প্রধানমন্ত্রীর সঙ্গে অসৌজন্য দেখিয়ে বিএনপির নেতারা এবং খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা অত্যন্ত নীচুতার পরিচয় দিয়েছেন। বিএনপির সাম্প্রতিক কর্মস‚চিতে মানুষের দুর্ভোগের শেষ নেই।
দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার আকুতি দেশবাসীর। বিএনপির চলমান সহিংসতার কঠোর সমালোচনা করার অধিকার শুধু সরকারি দলের নয়, যেকোনো নাগরিকের আছে। তবে সমালোচনা ও পাল্টা সমালোচনা গণতান্ত্রিক সংস্কৃতির রীতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে নানা বিতর্কিত ঘটনায় যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা জাতির পিতার রাজনৈতিক দর্শন অনুসরণ করেই নিচ্ছেন।
আজ শনিবার বিএনপি নেতা আমান উল্লাহ আমান এর খোঁজ খবর নেয়ার বিষয়টিও মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্য বোধ, কল্যাণ ও ভদ্রতার রাজনীতি। বিএনপি নেতাদের প্রতি অনুরোধ, সৌজন্য বোধ ও ভদ্রতার সাথে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করুন, মানুষ আপনাদের সর্বোচ্চ মর্যাদা দেবে। এন.হুসেইন রনী /জেসি


