তারেক জোবাইদার রায়ের প্রতিবাদে রূপগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে ব্যাপকভাবে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল।
শনিবার (৫ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক বাণিজ্যমেলার সামনে এশিয়ান হাইওয়ে মহাসড়কে রূপগঞ্জ উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। এসময় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মো. মাসুমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিশাল বিক্ষোভ মিছিল করে মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ইমন বলেন, বর্তমান সরকার দেশের মানুষ থেকে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। দেশের মানুষ আর তাদের চায় না। তাদের একমাত্র শক্তি প্রশাসন ও সন্ত্রাসের মাধ্যমে ভীতি সৃষ্টি করে অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে তারা। এ দিবা স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।


