নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপিতে প্রার্থীর ছড়াছড়ি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থীদের আত্মপ্রকাশ না ঘটলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের রয়েছে ছড়াছড়ি। কারণ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসটি দীর্ঘদিন বিএনপির দখলে ছিল। তবে নবম সংসদ নির্বাচনের পর থেকেই এই আসনটি আওয়ামীলীগের দখলে চলে যায়।
পরবর্তীতে নবম, দশম, একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে টানা তৃতীয়বারের মত আওয়ামীলীগ থেকে সাংসদ নির্বাচিত হয়ে গেলে আসনটি আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটা চূড়ান্ত না হলেও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে একের পর এক বিএনপি সমর্থিত প্রার্থীদের আত্মপ্রকাশ ঘটছে। যেখানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে স্থানীয় সাংসদ ছাড়া কোন প্রার্থীরই আত্মপ্রকাশ ঘটেনি।
মূলত নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি সমর্থিত প্রার্থীরা আসনটিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটি পুনরুদ্ধারে উদগ্রীব হয়ে আছে। যার কারণে ইতিমধ্যেই নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থীরা যার যার অবস্থান থেকে স্থানীয় জনসাধারণের সাথে যোগাযোগ স্থাপন করে যাচ্ছে। পাশাপাশি দলীয় আন্দোলন সংগ্রামে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সূত্র বলছে, ১৯৯১ সাল থেকে টানা তৃতীয় বারের মত জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে বিএনপি প্রার্থী হিসেবে আলহাজ্ব আতাউর রহমান আঙ্গুর জয়লাভ করলে আসনটি বিএনপির এলাকা হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে টানা তৃতীয় বারের মত নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে এখনো বিবেচিত।
তবে এই আসনটিতেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে এখন বিএনপি প্রার্থীদের সমাহার। এরমধ্যে রয়েছে বিএনপির টানা তিন বারের সাংসদ আলহাজ্ব আতাউর রহমান আঙ্গুর। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষনা দিয়েছেন। যার কারণে ইতিমধ্যেই দলীয় আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রয়েছে তার সরব উপস্থিতি এবং ইতিমধ্যেই বিএনপি সমর্থিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে সাধারণ জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করছেন।
এছাড়া আড়াইহাজার বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আলহাজ্ব আতাউর রহমান আঙ্গুর এবং তার আওয়ামীলীগ প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বীতায় সর্বোচ্চ সক্ষমতা রয়েছে। অপরদিকে আলোচনায় রয়েছে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা বিএনপির সভাপতি বদরুজ্জামান খাঁন খসরুর ছেলে সাবেক যুবদল নেতা মাহমুদুর রহমান সুমন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বদরুজ্জামান খাঁন খসরুর অবর্তমানে রাজনীতিতে সক্রিয় ভূমিকায় এসেছেন।
আগামী জাতীয় সংসদ নিবার্চনে বিএনপি নির্বাচনে অংশ নিলে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে দলের প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছেন সুমন। তবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ব্যতিক্রমী নারী প্রার্থী হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিলে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে দলের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। কারণ তিনি সর্বদাই সক্রিয় সংগ্রামী একজন আলোচিত নেত্রী হিসেবে কেন্দ্রীয় রাজনীতিসহ আড়াইহাজার বিএনপির রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এছাড়া বিএনপির তৃণমূলের কর্মীদের জন্য একজন নারী নেত্রী হিসেবে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এছাড়া বর্তমানে চলমান দলীয় আন্দোলন সংগ্রামে তার রয়েছে ব্যাপক উপস্থিতি এবং আন্দোলন সংগ্রামে হামলা মামলার শিকার কর্মীদের সকল ধরণের সহযোগীতা করে যাচ্ছেন। যার কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পারভীন আক্তার চমক দেখাতে পারে।
এছাড়া নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির সবচেয়ে আলোচিত সমোলচিত প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তবে আড়াইহাজার বিএনপির সমর্থকসহ সাধারণ জনগণের কাছে নেই তার গ্রহণযোগ্যতা। যার কারণে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি থেকে একাদশ সংসদ নির্বাচনে নজরুল ইসলাম আজাদকে প্রার্থী করা হলে বিএনপির ভরাডুবী ঘটে। কিন্তু আবারও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এস.এ/জেসি


