Logo
Logo
×

রাজনীতি

এক ব্যক্তি একাধারে দুইবারের বেশি এমপি হতে পারবেন না : ভিপি বাদল  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০২:২৪ পিএম

এক ব্যক্তি একাধারে দুইবারের বেশি এমপি হতে পারবেন না : ভিপি বাদল  
Swapno


নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল ওরফে ভিপি বাদল বলেছেন, আমরা নির্বাচনের নীতিমালার পরিবর্তন চাই। দলীয় প্রধানের পদটি ব্যতীত সমস্ত এলাকার এমপিদের বিষয়ে আমরা বলতে চাই এক ব্যক্তি একাধারে সর্বোচ্চ দুইবার নির্বাচন করে এমপি হতে পারবেন।

 

 

তারপর দুইবার নির্বাচন থেকে বাহিরে থাকবেন। পঞ্চমবার আবারও তিনি নির্বাচন করতে বা এমপি হতে পারবেন। তাতে আমাদের কোন আপত্তি নাই, তবে পরিবর্তন দরকার। আর না হলে রাজার ছেলেরা যুবরাজ, যুবরাজের ছেলেরা নবাব সিরাজউদ্দৌলা, তারপর গজিয়ে ওঠে মীর জাফর আলী খাঁ, খন্দকার মোস্তাক। যারা নাকি রাতের আধারে আমার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছে।
 

 


গতকাল শুক্রবার বন্দর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরাজীকান্দা নাসিম ওসমান সেতু সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

 

 

এ সময় বন্দর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের পক্ষ হতে নৌকা প্রতীকের মনোনয়ন নিশ্চিতের দাবি জানান।
 

 


ভিপি বাদল আরও বলেন, প্রিয় নারায়ণগঞ্জবাসী, বন্দর-৫ আসনের প্রত্যেকটি নাগরিকের কাছে নৌকার ছোঁয়ায় আজ ভাসতে বলবো। উনি বলেন আপনি এই জন্মভূমিতে যদি নৌকা মার্কা না দেন তাহলে এটা খারাপ দেখা যায়। ওনি যদি নারায়ণগঞ্জ থেকে আরও কেউকে দেয়, সেলিম ভাইকেও (নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য সেলিম ওসমান) দেয়, নেত্রীর সিদ্ধান্তের সাথে আমরা একমত। কিন্তু আমাদের বুকে বড় জ্বালা, আমাদের মনে বড় ব্যাথা, কিসের জাতীয় পার্টির সাথে আমাদের রেষারেষি। কোন রেষারেষি নাই।
 

 


অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহাদাৎ হেসেন বলেন, যদিও সরকার এত বছর যাবত ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন। কিন্তু বন্দরের নেতা কর্মীদের মাঝে আজও সামান্যতম মান মর্যাদা নেই। তাই বাদল ভাইয়ের কাছে আমাদের দাবি, আগামী জাতীয় নির্বাচনে আমরা নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা দেখতে চাই।

 

 

আপনি আমাদের নেত্রীকে যেভাবে পারেন বুঝিয়ে এখানকার দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে আপনি আমাদের মাঝে নৌকা নিয়ে আসবেন। আমরা সবাই আপনার নেতৃত্বে স্বতস্ফুর্তভাবে নৌকাকে জোয়ারে ভাসাতে চাই।
 

 


বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী ছালিমা হোসেন শান্তা বলেন, এখানে আমরা অভিভাবকহীন সন্তানের মতো আছি। আওয়ামী লীগ করেও কিছু দিতে পারতেছি না। যদি আমাদের জনপ্রতিনিধি থাকতো তাহলে আমরা তার কাছ থেকে অনেক কিছুই ছিনিয়ে আনতে পারতাম। কিন্তু আমরা এখন সেভাবে তা করতে পারছি না। আমরা আপনার কাছে (ভিপি বাদলের কাছে) এখানে নৌকার দাবি জানাচ্ছি।
 

 


আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, আমাদের পূর্বের বক্তারা যে দাবি জানিয়েছেন সেই দাবিটা আমাদের বন্দর বাসির প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা ব্যক্তিগত লাভের জন্য না, বঙ্গবন্ধুর কর্মী হিসেবে, আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের প্রাণের দাবি আমরা জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় একটি সীল মারতে চাই। আমরা আপনার মাধ্যমে আমাদের মানবতার নেত্রীর কাছে এই দাবি জানালাম।
 

 


কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার ম্যান আলহাজ্ব মাঈনউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধানসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন