পদযাত্রায় সংঘর্ষে সোনারগাঁ বিএনপির সভাপতি মান্নানসহ আহত বেশকয়েকজন
যুগের চিন্তা রিপোর্র্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৯:৫৩ এএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা বিএনপি জেলা বিএনপির পদযাত্রায় যোগদানকালে সোনারগাঁ উপজেলা বিএনপির মিছিলে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশর গুলি ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁ বিএনপির বেশকয়েকজন নেতাকর্মী আহত হয় ।
শনিবার (১৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে জেলা বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে মিছিল নিয়ে যোগদানকালে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় গুরুতর আহত হয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মো: নোবেল মীর, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসান ফেরদৌস প্রিতমসহ শতার্ধিক নেতাকর্মী আহত হয়। এছাড়া পদযাত্রায় যাওয়ার পথে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের বাস লক্ষ্য করে ছাত্রলীগের হামলায়ও ছাত্রদলের বেশকয়েকজন নেতা আহত হয়। এরমধ্যে হল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক আকাশ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি অমি, শাকিল, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা সিয়াম,জুম্মন,মাসুম। আহত নেতাকর্মীরা নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য সোনারগাঁ উপজেলা বিএনপির পক্ষ থেকে মিছিল নিয়ে যোগদান করার সময় কাঁচপুর ওভার ব্রীজের নীচে পুলিশ এসে অতর্কিত ভাবে আমাদের নেতাকর্মীদের উপর টিয়ার গ্যাস ও গুলি নিক্ষেপ করে। এতে করে আমিসহ আমাদের বেশকয়েকজন নেতা আহত হয়। আজকে পুলিশের এই ন্যাক্কার জনক হামলার ঘটনার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা আমাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই।


