নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবালের কার্যালয়ে হামলা-ভাঙচুর
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেনের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: শফিকুল ইসলাম শফির ছেলে ‘টেনশন গ্রুপ’ নামক কিশোর গ্যাং প্রধান রাইসুল ইসলাম সিমান্তর নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ কাউন্সিলর ইকবালের।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মিজমিজি আব্দুল আলি পুল এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহুল বিতর্কিত শফিকুল ইসলাম শফির হুকুমে তার ছেলে কিশোরগ্যাং নেতা সিমান্তর নেতৃত্বে ২০-২৫ জন মিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারিরা কার্যালয়ের সমস্ত জানালার গøাস ভাঙচুর করে। এসময় কার্যালয়ে কোন লোকজন ছিল না। ফলে বিনা বাধায় ভাঙচুর করে সন্ত্রাসীরা।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, কাউন্সিলর ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, শফির ছেলে সিমান্তর নেতৃত্বে আমার অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। তার আগে আমার ব্যক্তিগত সচিব তুহিনকে ধরে নিয়ে প্রায় ১ ঘন্টা আটকিয়ে রাখে। একই সন্ত্রাসীরা গত ৩০ অগস্ট ও ৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে আমার বাড়িতে দুই দফা হামলা চালায়। এসব ঘটনায় থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেননি।
হামলার বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বলেন,“বিএনপি নেতা ইকবাল তার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছে। সিটি করপোরেশন নির্বাচনে আমি প্রার্থী হওয়ার পর থেকেই আমার সঙ্গে তার বিরোধ চলে আসছে। তাকে পুঁজি করে তার নিজস্ব লোকজন দিয়ে হামলার ঘটনা সাঁজিয়ে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এ বিষয়ে আমার কিছু জানা নেই।”
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন,“হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এন.হুসেইন রনী /জেসি


