সাংসদ শামীম ওসমান সব সময় গরম গরম কথা বলে আলোচনায় থাকতে পছন্দ করেন। হোক সেটা কোন টিভি’র টকশো, ঘরোয়া বৈঠক কিংবা জনসভা; প্রতিটি ক্ষেত্রেই তিনি প্রতিপক্ষকে কথার মারপ্যাঁচে ঘায়েল করতে সচেষ্ট থাকেন।
তিনি চান মিডিয়া সব সময় তার পক্ষে থাকুক। এজন্য কথা বলার সুযোগ পেলেই তিনি এমন সব বাক্য প্রয়োগ করেন যা মিডিয়া খুব সহজেই লুফে নিতে বাধ্য হয়। বাকপটুতা তার অন্যতম একটি চারিত্রিক বৈশিষ্ট্য।
চাপাকে পুঁজি করেই তিনি রাজনৈতিক অঙ্গনে এখনো টিকে আছেন বলে মনে করেন তার প্রতিপক্ষ। তার জাতশত্রুরাও স্বীকার করে থাকেন যে, তিনি কথার ইন্দ্রজাল দিয়ে অতি সুনিপুণভাবে একটি মিথ্যাকেও সত্যের আবরণে উপস্থাপন করতে পারঙ্গম।
দেখা গেছে, একটি জলজ্যান্ত মিথ্যাকে বার বার বলতে বলতে এক সময় তিনি তা সত্যে রূপান্তরিত করে ফেলেছেন। মাঝে মাঝে তার এসব ঘটনা রূপকথাকেও হার মানায়।
গত পরশু শামীম ওসমান এক ঘরোয়া কর্মীসভায় বিএনপি নেতাদের এই বলে হুমকি দিলেন যে, পুলিশ ছাড়াই ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে নারায়ণগঞ্জ ছাড়া করবেন। তার এই বক্তব্য নিমিষেই ভাইরাইল হয়ে গেলে বিএনপি নেতারা আচমকা হোঁচট খান।
তাদের ভাবনার আকাশে নানা প্রশ্ন উড়তে থাকে- কেনো,কেনো? কী এমন গর্হিত কাজ তারা করে ফেলেছেন যে শামীম ওসমান তাদেরকে ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করবেন
তবে শামীম ওসমানের এই বায়বীয় হুমকিকে তুবড়ি মেরে উড়িয়ে দিয়েছে বিএনপি নেতারা বলেছেন, পিপীলিকার পাখা ওড়ে মরণের তরে। অতীত কি বলে? ২০০১ সালে শামীম ওসমানইতো গডফাদারের তকমা মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, এ আর নতুন কি! এ ধরণের হুমকিতো শামীম ওসমান প্রায় সময়ই দিয়ে আসছেন। তার এই হুমকিকে চাপাবাজি বলে উড়িয়ে দিয়ে শাখাওয়াত বলেন, মিডিয়ার কভারেজ পেতেই তিনি এসব আবোল-তাবোল বকছেন। তার পক্ষেই এসব বক্তব্য শোভা পায়।
গত ১৫ বছর ধরেই বিএনপিকে কোনঠাসা করতে সরকার নানা ভাবে ষড়যন্ত্র করে আসছে। আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের সংগ্রামে পিছ পা হবো না।
নারায়ণগঞ্জবাসী খুব ভালো করেই জানেন, সুষ্ঠু নির্বাচন হলে শামীম ওসমানের জামানতও থাকবে না। বিএনপি কিন্তু এদেশে ভেসে আসেনি। আমরা নির্বাচনকে ভয় পাই না। কিন্তু নানা ছলচাতুরি করে আমাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে অতীতের মতো ভোটারবিহীন নির্বাচনের নাটক করতে চায় সরকার।
তবে এবার তার পুনরাবৃত্তি করতে দেবো না আমরা। বিএনপি মাঠ ছেড়ে পালাবে না। আমরা মাঠে আছি, মাঠেই থাকবো। শামীম ওসমানের হুমকিকে আমরা থোড়াই কেয়ার করি। এস. এ /জেসি


