শেষ পর্যন্ত কার পাশে থাকবেন শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ এএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে যুক্ত হয়েছে নতুন সমীকরণ। আসনটিতে যথেষ্ট প্রভাব রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের। আর তাই সম্ভাব্য প্রার্থীদের প্রায় সকলেই ঝুঁকছেন তার দিকে, মন জোগানোর চেষ্টা করছেন তার এমনটাই মনে করে সোনারগাবাসী।
এরই অংশ হিসেবে ইদানিংকালে শামীম ওসমানের মিটিং মিছিলে কায়সার হাসনাতের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। যা নিয়ে নতুন করে নানা গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সর্বশেষ, শামীম ওসমানের ডাকা ১৬ তারিখের সমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁ আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে শামীম ওসমানের ভূয়সী প্রশংসা করেন কায়সার, শামীম ওসমানকে এসময় আওয়ামীলীগের ব্র্যান্ড বলেও অভিহিত করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য।
যদিও আসনটির বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্টজন ও বন্ধু হিসেবেই পরিচিত। শুধু বন্ধুই নয়, অনেকে আবার খোকাকে ওসমান পরিবারের সদস্য বলেও অভিহিত করে থাকেন। কেননা, দীর্ঘ সময় ধরেই ওসমান পরিবারের সাথে আছেন তিনি। গত ২টি নির্বাচনে খোকার মনোনয়ন চাওয়া থেকে শুরু করে এমপি হওয়া পর্যন্ত, সর্বত্রই সমর্থন ছিলো শামীম ওসমানের।
তবে, দিন যতই যাচ্ছে, ততই প্রশ্ন উঠছে আগামী নির্বাচনে কোন দিকে যাবেন শামীম ওসমান? কেননা একদিকে বন্ধু লিয়াকত হোসেন খোকা এবং অন্যদিকে কায়সার হাসনাত, যাকে ভাতিজা বলে ডাকেন শামীম ওসমান। আগামী নির্বাচনেও ২জনই চাইবেন মনোনয়ন, সেক্ষেত্রে শামীম ওসমান কাকে সমর্থন করবেন এ প্রশ্ন এখন সর্বত্র। এছাড়াও আওয়ামীলীগের আরও ২জন মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে।
এদিকে, শামীম ওসমান ও কায়সার হাসনাতের সখ্যতাকে কিভাবে দেখছেন তা জানতে চাইলে বর্ষিয়ান রাজনীতিবীদদের অনেকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুব একটা সময় বাকি নেই। তাই নিজের শক্তির পরিচয় দিতে সকলের সাথে দুরত্ব কমিয়ে, নিজের পাল্লা ভারী করার চেষ্টা করছেন শামীম ওসমান। এরই ধারাবাহিকতায় এবার কায়সার হাসনাতকেও তার পাশে দেখা যাচ্ছে বলে মনে করেন তারা।
তারা আরও বলেন, শামীম ওসমানের সাথে সখ্যতা বাড়লে কায়সার হাসনাতেরও লাভ আছে। কেননা, গত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলেন কায়সার হাসনাত। তবে, আসনটিতে জাপা থেকে মনোনয়ন চেয়ে এমপি বনে যান শামীম ওসমানের বন্ধু লিয়াকত হোসেন খোকা।
২টি নির্বাচনেই মনোনয়ন পাওয়ার পেছনে শামীম ওসমানের মেকানিজম রয়েছে বলে মনে করেন তারা। ফলে, আগামী নির্বাচনে শামীম ওসমান যাতে খোকাকে সমর্থন না করে, তাকে সমর্থন করে সেই লক্ষ্যে শামীম ওসমানের মন জোগানোর চেষ্টা করছে কায়সার এমনটাই মনে করে প্রবীণ রাজনীতিবীদদের অনেকে।
যদিও কায়সার হাসনাত সমর্থকদের দাবি, শামীম ওসমানের সাথে কখনোই দুরত্ব ছিলো না কায়সার হাসনাতের। এ দুই পরিবারের মাঝে পূর্ব থেকেই রাজনৈতিকভাবে গভীর সম্পর্ক রয়েছে বলে দাবি তাদের। এছাড়া, মনোনয়ন দেয়ার ক্ষমতা দলীয় প্রধান শেখ হাসিনার, শামীম ওসমানের নয় এমনটাও জানান তারা।
রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে, শামীম ওসমানের যতো ঘনিষ্ঠ হওয়ারই চেষ্টা করুক না কায়সার হাসনাত, শামীম ওসমান কখনোই তাকে সমর্থন করবেন না। কেননা, লিয়াকত হোসেন খোকা আগাগোড়াই ওসমান পরিবারের একনিষ্ঠ লোক হিসেবে পরিচিতি। শামীম ওসমান বা সেলিম ওসমান যা চাইবেন তাই করতে সর্বদা রাজী লিয়াকত হোসেন খোকা।
অপরদিকে, কায়সার হাসনাত এমপি হলে শামীম ওসমানের কমান্ড কতটুকু মানবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে শামীম সমর্থকদের মাঝে। ফলে, রাজনীতিতে দক্ষ শামীম ওসমান, নিজের স্বার্থ বিকিয়ে, খোকার পরিবর্তে কায়সারকে সমর্থনের ভুল কখনোই করবেন না বলে মনে করেন তারা।
তবে, সকল জল্পনা-কল্পনার অবসান হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সোনারগাবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে। কেননা নভেম্বর মাসে তফসিল ঘোষণার পরই জানা যাবে কিভাবে হবে নির্বাচন। এ নির্বাচনে বিএনপি অংশ নিলে লড়াই হতে পারে ত্রিমুখী, সেক্ষেত্রে শামীম ওসমানের সমর্থন কোনো গুরুত্ব বহন করবে না বলে জানায় সোনারগাবাসী।
তারা আরও জানায়, বিএনপি অংশ না নিলেএবং আওয়ামীলীগ-জাপা জোটগত নির্বাচন করলে, সেক্ষেত্রেশামীম ওসমানের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই শেষতক কার পাশে থাকবেন শামীম ওসমান তা জানতে হলে আগামী নির্বাচনের তফসিল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সোনারগাবাসীকে।
উল্লেখ্য, অল্প কিছুদিন পড়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দিনক্ষণ ঠিক না হলেও আগামী জানুয়ারীর প্রথম সপ্তাহে ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ উপজেলা) রাজনীতির মাঠ।
এরই মধ্যে সরকারী দল আওয়ামীলীগের ৩জন ও তাদের শরীক দল জাতীয় পার্টির একজন মনোনয়ন প্রত্যাশী নিজেদের অবস্থার জানান দিয়েছেন। আওয়ামীলীগের ৩জন মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক এমপি কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বীরু, তরুণ নেতা দ্বীপ। আর জাতীয় পার্টি থেকে পুনরায় লিয়াকত হোসেন খোকা চাইবেন মনোনয়ন। এন.হুসেইন রনী /জেসি


