নভেম্বরে তফসিলের পর খেলা হবে, তুই সমান আমিও সমান : শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপিতে অনেক ভাল ভাল লোক ছিল। অনেক ভাল নেতা ছিল। কিন্তু বিএনপির ভাল লোকদের তারেক লাথি দিয়ে বের করে দিয়েছে। তারেক যেমন লোক তেমনই লোকজনকে সে বেছে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট থাকে। একবার করেছে আওয়ামী লীগ তারপর জাতীয় পার্টি তারপর আবার আওয়ামী লীগ এখন সে বিএনপি। সে ক্ষমতায় থাকাকালীন আমার দলের সতেরো জনকে মেরেছে। সম্পর্কে সে আবার আমার মামুও হয়। আমার শাশুড়ির সাথে পড়ত।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কোন্দলের নাটক করে বিএনপি নেতাকর্মীরা সময় টিভি ও একাত্তর টিভির সাংবাদিকদের নির্মমভাবে পেটাল। এখনই তারা পেটানো শুরু করে দিয়েছে। সেদিন হকাররা ধাওয়া না দিলে তো মেরেই ফেলত। তাই এদের ছাড় দেয়া যাবে না। তিনি বলেন, যারা এতদিন আমার নেত্রীকে বঙ্গবন্ধুকে গালি দিয়েছেন তারা সাবধান হয়ে যান।
ওরা ক্ষমতায় এসে আমাদের বাড়ি হীরা মহলে ওরা হামলা করেছিল। আমরা তো কাউকে আঘাত করিনি। তবে এবার ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, নভেম্বরে তফসিল হবে। সেদিন তুইও সমান আমিও সমান। সেদিন খেলা হবে। এন.হুসেইন রনী /জেসি


