Logo
Logo
×

রাজনীতি

ক্ষমতার বার্তা দিতেই আজ শামীম ওসমানের সমাবেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

ক্ষমতার বার্তা দিতেই আজ শামীম ওসমানের সমাবেশ
Swapno

 

শামীম ওসমান। নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত এক আওয়ামীলীগ নেতা। রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি যাই করেন তাই আলোচনা তৈরি করে, নয়তো সমালোচনার বন্যায় ভাসে সারা দেশ। তার ‘খেলা হবে’ ডায়লগ তো দেশের গণ্ডি পেরিয়ে ভারতের নির্বাচনে নেতাদের স্লোগানে পরিণত হয়েছে। এখানেই শেষ নয়, খেলা হবে সেই স্লোগান নিয়ে বলিউডে ছবিও নির্মাণ হয়ে গেছে ইতিমধ্যে।

 

কখনো নারায়ণগঞ্জে, কখনো ঢাকায় আবার কখনো দেশের বাইরে খবরের কাগজের খোরাক হিসেবে নিজেকে তুলে ধরতে পটু তিনি। সর্বশেষ আমেরিকা ভ্রমণে গিয়েও তিনি দেশের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন। আসছে নির্বাচন। আর শামীম ওসমানের কোন আয়োজন থাকবে না সে কি করে হয়। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নিজের শক্তিমত্তার জানান তিনি প্রায় দুই সপ্তাহ আগে শামীম ওসমান বিশাল যে জনসভার ঘোষণা দিয়েছেন। আজ সেই বহুল প্রতিক্ষিত জনসভা।

 

এই জনসভায় শামীম ওসমান নিজের শক্তিমত্তার পরিচয় সারাদেশে দিতেই আয়োজন করেছেন বলে মত অনেকের। এই জনসমাবেশ নিয়ে শামীম ওসমান নিজেও খুব রোমাঞ্চিত। মহাসমাবেশ নিয়ে তিনি ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ চষে বেড়িয়েছেন। নেতাকর্মীদের সাথে বৈঠকে কে কত লোক জড়ো করবেন সেই হিসেবটাও কষে দিয়েছেন। এদিকে রাজনৈতিক বোদ্ধারা বলছেন, শামীম ওসমানের আজকের সমাবেশ মূলক দ্বাদশ নির্বাচনের আগে তার শক্তিমত্তার জানান দেয়া।

 

লক্ষ্য করলে বুঝা যাবে, তিনি এই জনসমাবেশের আগে বিএনপিকে টার্গেট করে গরম বক্তব্য দিয়েছেন। কখনো বলেছেন, সকালে ডাক দিলে শহর অর্ধেক খালি হয়ে যাবে, কখনো বলেছেন বিএনপিকে বাদামের মতো চিবিয়ে খাবেন, আবার কখনো বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানকে টার্গেট করে কঠোর বক্তব্য দিয়েছেন। এছাড়া সম্ভাব্য বিএনপির প্রার্থী সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে কথায় তুলোধুনো করেছেন। এসব কিছু নির্বাচনে আওয়ামীলীগের টিকেটে আবারো সংসদ সদস্য হওয়ার মন্ত্র বলছেন বিশ্লেষকরা। 

 

রাজনৈতিক বোদ্ধারা বলছেন, শামীম ওসমান এই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান অতিথি করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাতে চান নারায়ণগঞ্জে শামীম ওসমানের কি প্রভাব। যদিও শামীম ওসমানের এই সমাবেশকে আওয়ামীলীগের নেতৃবৃন্দ একক সমাবেশ বলছেন। কেননা আজকের যেই সমাবেশ সেটি মহানগর কিংবা জেলা আওয়ামীলীগের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে না। এই সমাবেশে জেলা ও মহানগর আওয়ামীলীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা অংশ নাও নিতে পারেন বলে জানিয়েছে সূত্র। তবে এই সমাবেশ যে মানুষের সমাগম অনেক বেশি হবে এটি ধারণা করা হচ্ছে। 

 

সর্বশেষ সমাবেশকে সফল করতে সাংবাদিকদের সাথে বসেছেন শামীম ওসমান। সেখানে তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন শহরের বিভিন্ন পয়েন্টে উপস্থিত থেকে তার নেতাকর্মীরা কে কতজন লোক নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেছেন সেই ভিডিও ফুটেজ বা ছবি তার কাছে পাঠাতে। এছাড়া তিনি সাংবাদিকদের মূল মঞ্চে বেশি ভিড় না করার আহ্বান জানান। এছাড়া সাংবাদিকদের খাবারদাবার ও তোঁড়ার ব্যবস্থাও নিজে করেছেন বলে জানিয়েছে সূত্র।

 

মোদ্দাকথা যে কোন মূল্যে আজকের সমাবেশকে নিজের শক্তিমত্তা প্রমাণের মিশন হিসেবে নিয়েছেন এই সাংসদ। তার কর্মীদের তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, প্রেস্টিজ রক্ষার এই সমাবেশে যাতে যথাসম্ভব বিশাল লোকজন নিয়ে তারা সমাবেশে অংশগ্রহণ করেন। এছাড়া এই সমাবেশের মধ্য দিয়ে শামীম ওসমান বিএনপিকে বার্তা দিতে চান, যে কোন ধরণের অরাজকতা তৈরি করলে তিনি নারায়ণগঞ্জ থেকে সামনের সারি থেকে তাদের বিরুদ্ধে নেতৃত্ব দিবেন। তাদের সকল অপচেষ্টা প্রতিহত করবেন।

 

শুধু নারায়ণগঞ্জ নয়, বিএনপিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাতেও দাঁতভাঙা জবাব দিতে চান শামীম ওসমান। সর্বশেষ তিনি ঘোষণা দিয়ে রেখেছেন, নভেম্বর তফসিল ঘোষণার পর তিনি আর এমপি থাকবেননা। তখন সমানে সমানে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন বিএনপিকে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন