ওমরা থেকে ফিরে ক্ষমা চাওয়ার বিষয়টি ভুলে যাবেন নাতো
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান ওসমান ওমরা পালন করতে যাওয়ার আগে বিরোধী দলের নেতাকর্মী সহ নারায়ণগঞ্জের সকলের কাছে ক্ষমা চেয়ে গেছেন। কিন্তু তার এই ক্ষমা চাওয়ার ভিডিও দেখে আবার তাকে নানা প্রশ্নে জর্জরিত করেছেন সাংবাদিক মাসুদ কামাল।
তিনি জানতে চেয়েছেন শামীম ওসমান কেনো ওমরা পালন করতে যাওয়ার আগে এভাবে ক্ষমা চাইলেন। তিনি সন্দেহ পোষন করে বলেছেন, শামীম ওসমান এমন কাজ কেনো করছেন যার জন্য তাকে ক্ষমা চাইতে হয়। মাসুদ কামাল শামীম ওসমানকে নারায়ণগঞ্জের এমপি বলতেও রাজী নন।
বরং তিনি তাকে নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত শামীম ওসমান বলে আখ্যায়িত করেন। তিনি বলেন আপনি এভাবে ক্ষমা চাইছেন ঠিকই। আবার ওমরা থেকে ফিরে এসে এই ক্ষমা চাওয়া কথা ভুলে যাবেন নাতো? মাসুদ কামাল বেশ কঠোর ভাষায় শামীম ওসমানের সমালোচনা করে বলেন অতীতে এই ভদ্রলোক বার বার ক্ষমা চেয়েছে।
কিন্তু এবারও যদি ওমরা থেকে এসে তিনি ক্ষমা চান তাহলে এটা কিন্তু ফাজলামো হয়ে যাবে। কারন এ যারা রাজনীতিতে আছে তাদেও মাঝে যতো লোক ক্ষমা চেয়েছে তার বেশি একা এই ভদ্রলোক শামীম ওসমানই চেয়েছেন। তিনি শামীম ওসমানের এসব ক্ষমা চাওয়ার বেশ জোরালো উদাহরণও দেন।
তিনি বিভিন্ন সংবাদপত্রে তিনি কবে কার কাছে কি জন্যে ক্ষমা চান তার পেপার কাটিং দেখিয়ে প্রমান দেন। তিনি বলেন শামীম ওসমান এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছনতা কর্মীদের কাছেও ক্ষমা চেয়েছিলেন। এছাড়া শামীম ওসমান আর কখন কেনো কার কাছে ক্ষমা চেয়েছেন এই ধরনের বেশ কয়েকটি উদাহরণও দেন।
এরআগে তিনি যেসকল বিষয়ে ক্ষমা চেয়েছেন তারমধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ-৪ আসনে জলাবদ্ধতা দূর করতে না পারার কারনে জনগনের কাছে ক্ষমা চাওয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর মনে কষ্ট দেয়ার কারনে তার কাছে ক্ষমা চাওয়া, তারও আগে তিনি মহান জাতীয় সংসদে আগাম ক্ষমা চেয়েছিলেন।
শামীম ওসমান মানুষের সহানুভুতি পাওয়ার জন্য বারবার ক্ষমা চান, কিন্তু মানুষের মাঝে তাকে নিয়ে সহানুভ‚তি তৈরীর পরিবর্তে হাস্যরসের সৃষ্টি হয় বলে মাসুদ কামাল মন্তব্য করেন। তিনি বলেন, তার মতো লোকেরাই বারবার আমাদের এমপি হচ্ছেন আবারও হবেন। ভোটে জিতেও হবেন আবার ভোট ছাড়াও হবেন।
কিছু করার নেই। মূলত: এভাবেই গত পরশু সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে শামীম ওসমানের বারবার ক্ষমা চাওয়ার তীব্র সমালোচনা করেন।
প্রসঙ্গত: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নিজের অজান্তে কোনো ভুল করে থাকলে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। ওমরাহ হজে যাওয়ার আগে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলসহ সবার কাছে তিনি ক্ষমা চান।
একটি ফেসবুক পেজের ভিডিওতে মৃত্যুকে স্মরণ করে মাদক নির্মূলের অঙ্গীকারের কথা বলতে শোনা যায় শামীম ওসমানকে । তিনি বলেন, আমি একজন মানুষ। ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি । অনেক সময় অনেক কথা বলতেই হয়। হয়তো যারা অপজিশনে থাকেন তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাতজোড় করে।
ভুল ত্রুটি হতেই পারে। হয়তো হয়েছেও। তাই সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা জানি না। আপনারা দোয়া করবেন।
শামীম ওসমান বলেন, আজকে আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। বয়সে আমার অনেক ছোট। তাই আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, মানুষের জীবন অনেক ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি। যা আমাদের উচিত না। আমি স্বপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাবো। সেখানে গিয়ে নিজের জন্য যেভাবে দোয়া করবো। আমি চাই, আমার এলাকার ও দেশেরসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করতে।
তিনি বলেন, আমি যখন প্রথম হজে যাই তখন আল্লাহর কাছে চেয়েছিলাম, যেন নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ যৌনপল্লী পুনর্বাসনের মাধ্যমে উঠিয়ে দিতে পারি। আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার ওছিলায়। আমি এবার আল্লাহর কাছে চাইবো, যেভাবে মাদক চারিদিকে ছড়িয়ে পড়ছে, তা নির্মূলে যেন কাজ করতে পারি।
পুলিশের একার পক্ষে এটা দূর করা সম্ভব নয়। দোয়া করবেন, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যেন দলমত নির্বিশেষে সমাজের সকল ভালো মানুষদের নিয়ে যেন আমি কাজ করতে পারি। এন.হুসেইন রনী /জেসি


