Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের পিছটান, প্রস্তুত পলাশ

Icon

মাহফুজ সিহান

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম

শামীম ওসমানের পিছটান, প্রস্তুত পলাশ
Swapno

 

# গত তিনবার মনোনয়ন চেয়েছি, এবারও চাইবো : কাউসার আহমেদ পলাশ
# সবকিছুর জন্য প্রস্তুত আছি, এখন এমন চিন্তাভাবনা নেই : অয়ন ওসমান

 

 

নির্বাচনের তফসিল ঘোষণার আর বাকি আছে কয়েকদিন। এর আগে নির্বাচনে মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামীলীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান। গতকাল বুধবার কাঁচপুরে এক প্রস্তুতিসভায় শামীম ওসমানের এই তথ্যে হতচকিত হন উপস্থিত আওয়ামীলীগ নেতৃবন্দ। শামীম ওসমান সেই সভায়  আসন্ন নির্বাচনে তাকে মনোনয়ন না দিয়ে অন্যভাবে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে অনুরোধ জানান।

 

নিজেকে একজন সোলজার দাবি করে শামীম ওসমান পূজার পর থেকে নারায়ণগঞ্জে একটা থাবা দিয়ে কর্মসূচি শুরু করবেন বলে জানান। তার ভাষায়, তিনি শুধু নারায়ণগঞ্জ নয়, ওই এক থাবায় নারায়ণগঞ্জ তো বটেই ঢাকাও খালি করে দিবেন। শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। ইতিমধ্যে তিনি মাথায় কাফনের কাপড় বেধে নেমে পড়েছেন বলে উপস্থিত নেতাকর্মীদের জানান। 

 

শামীম ওসমান প্রধানমন্ত্রীকে যে চিঠি দেয়ার কথা বলেছেন, সেটি যদি আদৌ বাস্তবতার মুখ দেখে তাহলে প্রশ্ন সামনে এসেছেন আসন্ন জাতীয় নির্বাচনে শামীম ওসমানের মতো জাদরেল নেতার নির্বাচনী আসনে কে প্রার্থী হতে পারেন। আওয়ামীলীগে এই আসনে শামীম ওসমানের জায়গায় নির্বাচন করার সক্ষমতা কার আছে। ২০০৯ সালে শামীম ওসমানের অবর্তমানে নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন প্রখ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী। ২০২১ সালে কবরী করোনায় মৃত্যুবরণ করেন।

 

তাহলে আদৌ যদি শামীম ওসমান নির্বাচন না করেন তবে এই আসনে আওয়ামীলীগের প্রার্থীর তালিকা যে নেহাৎ বড় তা কিন্তু নয়। শামীম ওসমানের সাথে এই আসনে জাতীয় নির্বাচন আসলে প্রতিবারই আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশ। এছাড়া শামীম ওসমানের সাথে টেক্কা দিয়ে ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে পলাশের সাথে মনোনয়নপত্র কিনেছিলেন সাত খুন মামলার প্রধান আসামি কাউন্সিলর নুর হোসেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। 

 

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে শামীম ওসমানের দেয়া এই তথ্যের উপর আওয়ামীলীগ নেতাকর্মীদের একাংশ মনে করেন, এই আসনে শামীম ওসমানের অবর্তমানে শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ রয়েছেন। তাছাড়া শামীম ওসমান যদি নির্বাচন করেন তাহলে আওয়ামীলীগের সুদীর্ঘ পারিবারিক ঐতিহ্য ধরে রেখে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানও এই আসনে আওয়ামীলীগের টিকেট পাওয়ার অন্যতম দাবিদার বলে মনে করেন আওয়ামীলীগ নেতারা। 

 

আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন কিনা এমন প্রশ্নে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ যুগের চিন্তাকে বলেন, ‘আমি বিগত তিন নির্বাচনে মনোনয়ন চেয়েছি। সামনের নির্বাচনেও আমি মনোনয়ন চাইবো ইনশাআল্লাহ। মাঠ পর্যায়ে সাধারণ নেতাকর্মীর কাছে আমি রাজনৈতিক কর্মী হিসেবেই পরিচিত। বাংলাদেশের মানুষ রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে চেনে।

 

আমি মাঠে ময়দানে ছাত্রলীগ-শ্রমিকলীগ করি। পার্টির সব প্রোগ্রামে এটেন্ড করার চেষ্টা করি। সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীর কাছে আমার একটা অবস্থান আছে। এছাড়া সামাজিক কাজকর্মে আমি পুরো বছর সংশ্লিষ্ট থাকি। আমি এই এলাকারই ছেলে, মানুষের সাথে আমার সবসময় যোগাযোগ আছে। আমি মনোনয়ন চাইবো, নেত্রী মনোনয়ন দিলে আমার সবধরণের প্রস্তুতি আছে। না দিলেও দল করি, দলের কাজ করে যাবো।’

 

এদিকে আসন্ন নির্বাচনে মনোনয়ন চাইবেন কিনা এমন প্রশ্নে শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়ন যুগের চিন্তাকে বলেন, আমি আল্লাহর রহমতে শুধু নির্বাচন নয়, সব কিছুর জন্য প্রস্তুত আছি। কিন্তু এরকম চিন্তাভাবনা আমার এখন নেই। হাল ধরার বয়স এখনো আমার হয়নি। নারায়ণগঞ্জে শামীম ওসমান যদি না থাকে, প্রধানমন্ত্রী যেমন না থাকলে বাংলাদেশ অন্ধকার যুগে চলে যাবে, তেমনি নারায়ণগঞ্জে শামীম ওসমান না থাকলে নারায়ণগঞ্জ একটা অন্ধকার যুগে চলে যাবে। নারায়ণগঞ্জ আওয়ামীলীগে হাল ধরার মতো মানুষের অভাব আছে এখনো। এটা শুধু আমার নয়, নারায়ণগঞ্জের অধিকাংশ নেতাকর্মীদেরই এই একই কথা।

 

নিজের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে অয়ন ওসমান বলেন, ‘আমার যে পরিকল্পনা ছিল ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হওয়া, সেটি করতে পেরেছি। আমাদের পারিবারিকভাবে কোন ব্যবসা ছিলনা, আমি ব্যবসার দিকেই বেশি মনোযোগী হয়েছি। ওইখানে আল্লাহর রহমতে সফল হয়েছি। ভবিষ্যতে যেটা আসবে, সেটা হবে ইনশাল্লাহ। যখন যেটা দরকার সেটাই করবো।’  

 

এদিকে রাজনৈতিক বোদ্ধারা বলছেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন গত দুটি নির্বাচনের চেয়ে জটিল রূপ ধারণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় শামীম ওসমান মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উদ্যম ঠিক রাখতেই হয়তো নির্বাচনে মনোনয়ন চাইবেন না এই প্রসঙ্গটি টেনেছেন। তবে তার মতো জাদরেল নেতা এবারের নির্বাচন থেকে কতখানি দূরে থাকতে পারেন সেই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না বলে মত বোদ্ধাদের। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন