নমিনেশন না দিতে প্রধামন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি : শামীম ওসমান
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১০:১৮ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি দিয়েন না। আমাকে অন্য ভাবে কাজে লাগান।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৩ই অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সামনে রেখে গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় বক্তব্যকালে শামীম ওসমান উপরিউক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আমি এমপি না হলে কিছুই হবে না।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমার মেয়ে, বউদের ধর্ষণ করবে তারাই যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারারাত ঘুমাই না। আমি অন্য কারো মত না। আমি খবরগুলো পাই। কোনদিক দিয়ে আগাচ্ছে সেগুলো জানি। আর ওরাও জানে আমি কোনদিক দিয়ে আগাচ্ছি।
আমি সোলজার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আসছে পূজা, পূজার পরে তারা মরণকামড় দিবে। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রোগ্রাম কতটা বড় ও সফল হয় সেটা নারায়ণগঞ্জ এটা করে দেখাবে। এবার আর বলবো না খেলা হবে। সোনারগাঁ থেকে বলবো ফাটাফাটি হবে।
কমিটি প্রসঙ্গে শামীম ওসমান বলেন, অনেকগুলো কমিটি আটকে রেখেছে ঢাকা হতে। আওয়ামী লীগের কমিটি ও অঙ্গ সংগঠনগুলোর কমিটি মুলার মত ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রুপিং বাড়ে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না।
ঢাকা যা না পারে সেটা নারায়ণগঞ্জ পারবে। শামীম ওসমান বলেন, পূজার পর থেকে একটা থাবা দিব নারায়ণগঞ্জ থেকে। এক থাবা দিয়ে নারায়ণগঞ্জ শুধু না ঢাকাও খালি করে দিব। মাথায় কাফনের কাপড় বেধে নেমেছি। প্রয়োজনে শেখ হাসিনার জন্য জীবন দেব।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল।
সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু।
সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল প্রমূখ। এন.হুসেইন রনী /জেসি


