# তৃণমূল আওয়ামী লীগের মনের কথা বলেছেন তিনি : কায়সার
# সেটা ওনার নিজস্ব মতামত : দুলাল
# জাতীয় পার্টির বর্তমান কর্মকাণ্ডকে প্রশংসা করে এই বক্তব্য দিয়েছেন : আফজাল
দীর্ঘ দিন যাবৎই নারায়ণগঞ্জের ৫টি আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে মনোনয়নের দাবী জানাচ্ছেন আওয়ামী লীগের তৃণমূল। সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের নেতাগণও নৌকা প্রতীক চেয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ওরফে ভিপি বাদল (যদিও পরে তিনি সেই দাবি থেকে সরে এসেছেন), মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু।এমনকি নেতাকর্মীদের সেই দাবিকে সমর্থন জানিয়ে একই দাবি জানিয়ে আসছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
একই সাথে গত সিটি নির্বাচনের সমন্বয়ক হিসেবে কাজ করতে এসে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একটি বাস্তব চিত্র অবলোকন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও। যেখানে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক। তাই তো তিনিও সেই দাবিকে সমর্থন জানিয়ে বলেছেন এই এলাকাকে ও এলাকার মানুষকে রক্ষা করতে এখানকার মানুষ নৌকা চায়।
গতকাল শুক্রবার সোনারগাঁয়ের কাঁচপুরে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এই দাবি জানান তিনি। এই দাবি জানাতে গিয়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য কিভাবে আওয়ামী লীগকে হেনস্থা করছেন তার একটি চিত্রও তুলে ধরার চেষ্টা করেন তিনি।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, জাতীয় পার্টির ভাইয়েরা বড় বড় কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে দেখেন কয়টি সিট পান। এখানে জাতীয় পার্টির এমপি আছেন। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন তিনি। এটি জাতীয় পার্টির সিট নয়। এই এলাকাকে ও এলাকার মানুষকে রক্ষা করতে এখানকার মানুষ নৌকা চায় বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতার সাথে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সহমত পোষণ করলেও দ্বিমত পোষণ করেছেন জাতীয় পাটি। তাদের মতে এখানে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হলেও মূলত তারা আওয়ামী লীগের নীতিতে বিশ্বাসী। বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে তাদের প্রণীত নীতি মেনেই কাজ করছেন তারা। তাছাড়া নারায়ণগঞ্জ জাতীয় পার্টি আওয়ামী লীগকে সাথে নিয়েই কাজ করছেন বলে মনে করেন তারা।
তবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মনে করেন, দীর্ঘ দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও এখানে দলীয় কোন সাংসদ না থাকায় এখানকার আওয়ামী লীগের কাজকর্ম অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দলীয় উন্নয়ন কাজগুলো সব জাতীয় পার্টির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে আওয়ামী লীগের তৃণমূল সেই সুনাম নিতে পারছে না। তাতে করে জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তারা। তাই আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসন থেকেই আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, আমার মনে হয় তিনি আমাদের নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বর্তমান কর্মকাণ্ডকে প্রশংসা করে এই বক্তব্য দিয়েছেন। কারণ আমরা সেবামূলক কাজ করতে গিয়ে জনগণের সাথে এতটাই মিশে গেছি যে, আমরা সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী দল আওয়ামী লীগের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে গেছি। যাকে উনি হয়তো একটি দৃষ্টান্ন হিসেবে দেখাতে চেয়েছেন।
এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। হয়তো তাদের নেতা কর্মীদের উদ্বুদ্ধ হওয়ার জন্য উদাহরণ হিসেবে বিষয়টা বলেছেন। আমরা সব সময়ই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর শ্রদ্ধা রেখে এখানকার আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়েই কাজ করছি। তিনি বলেন, এবার যদি আমরা আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করি তাহলেও আমরা নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোসাদ্দেরুল হক দুলাল বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে এই মতামতের সাথে আমি একমত নই। আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান আওয়ামী লীগের ঘরের সন্তান। তিনি বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন। তাই এই মন্তব্যের সাথে আমি অবশ্যই দ্বিমত পোষণ করি। আওয়ামী লীগের নেতা যদি এমন কথা বলে থাকেন তাহলে সেটা ওনার নিজস্ব মতামত।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার বলেন, আমরা জন্মসূত্রে আওয়ামী লীগ করি, আমাদের রক্তে আওয়ামী লীগ। আমি মাঠের নেতাকর্মীদের নিয়ে রাজনীতি করি। তাদের উৎফুল্ল রাখার জন্য কাজ করি। আজকে আমাদের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক যে কথাটি বলেছেন এটা আমাদের তৃণমূল আওয়ামী লীগের মনের কথা। তিনি যথার্থই বলেছেন।
প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীর মনের কথা, যেগুলো অনেক সময় কিন্তু বলতে পারে না। তৃণমূলের সেই কথাগুলোই আজকে আমাদের নেতা বলেছেন। ওনার প্রতি এখানকার তৃণমূল আওয়ামী লীগের যে কৃতজ্ঞতা ও ভক্তি ছিল আজকের এই বক্তব্যের পর তার কতটা বেড়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না।
তিনি বলেন যার যার আসনে তারা তো নৌকা চাইবেই, এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি, আমাদের মাথার ছাতা, আবদুল হাই ভাইও আমাদের নেতা কর্মীদের পক্ষ হয়ে নারায়ণগঞ্জের ৫টি আসন থেকেই নৌকার দাবি জানিয়ে আসছেন। তিনি বলেন দলের যত দুঃসময়ই আসুক না কেন আমাদের সোনারগাঁ আওয়ামী লীগ সব সময়ই ঐক্যবদ্ধ ছিল এবং এখনও আছে। আমরা সব সময় বঙ্গবন্ধুর আদর্শ মেনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করি। এস.এ/জেসি


