Logo
Logo
×

রাজনীতি

আড়মোড়া ভেঙ্গে মাঠে জামায়াত

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম

আড়মোড়া ভেঙ্গে মাঠে জামায়াত
Swapno

 

আড়মোড়া ভেঙ্গে মাঠে নামার সাহস দেখাচ্ছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলাম। নিষিদ্ধ সংগঠন না হলেও সরকারের কড়া নজরদারি থাকায় জামায়াতের নেতাকর্মীরা এতোদিন প্রকাশ্যে কোন মিটিং মিছিল করার সাহস দেখায়নি। যুদ্ধাপরাধী দল হিসেবে চিহ্নিত জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের বেশীরভাগ নেতাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে মৃত্যুদন্ডে দন্ডিত হয়েছেন। এরপর থেকেই জামায়াতে ইসলাম প্রকাশ্য রাজনীতি থেকে ছিটকে পড়ে।

 

সারা দেশে জামায়াতের অনেক নেতাকর্মী জেলে ঘানি টানছেন। সরকারের দায়েরকৃত মামলায় ওয়ারেন্ট মাথায় নিয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। রাজনীতির ময়দানে জামায়াতের বড় মিত্র হিসেবে পরিচিত বিএনপিও তাদেরকে এড়িয়ে চলতে থাকে। এমতাবস্থায় অনেকটা একঘরে হয়ে পড়ে জামায়াত। কিন্তু হাল ছাড়েনি দলটি। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাড়া জাগানো ডায়লগের মতো তারাও ‘তলে তলে’ নিজেদেরকে সংগঠিত করার কাজটি গুছিয়ে নিয়েছে।

 

আর্থিকভাবে সচ্ছল জামায়াত একটি গুছানো দল। দলের চেইন অব কমান্ডও খুবই শক্তিশালী। ‘মরলে শহীদ, বাঁচলে গাজী; আমরা সবাই মরতে রাজী’ এই মন্ত্রে অত্যন্ত সূক্ষ্মভাবে নেতাকর্মীদের মগজ ধোলাইয়ের কাজটি পরিচালনা করা হয়। আন্দোলনের মাঠে এই মন্ত্র ম্যাজিকের মতো কাজ করে। পুলিশের লাঠিচার্জ কিংবা গুলিতে রক্ত ঝরলেও তারা আন্দোলনের মাঠ ছেড়ে পালিয়ে না গিয়ে হাসতে হাসতে বলতে থাকে, ‘হাঃ হাঃ আমি শহীদ হয়ে যাবো।’

 

সেই জামায়াতের তরুণ নেতারা গত রোববার নারায়ণগঞ্জের সিংহপুরুষ খ্যাত শামীম ওসমান এমপির এলাকা চানমারিতে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করে আটক নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি তুলেছে। একই সাথে তারা আওয়ামী লীগ সরকারকে অনতিবিলম্বে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের বেশীরভাগই উঠতি বয়সের তরুণ। অনেকের মতে, নতুন প্রজন্মের হাতে জামায়াতের নেতৃত্ব তুলে দেয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

অক্টোবর মাসকে সরকারবিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট মনে করা হচ্ছে। আন্দোলনে নেতৃত্বদানকারী দল বিএনপি ‘পাছে লোকে কিছু বলে’ ভুলে গিয়ে এতোদিন দূরে সরিয়ে রাখা জামায়াতে ইসলামীকেও পাশে পাওয়ার আশা করছে। চলমান সরকার বিরোধী আন্দোলনে জামায়াত সক্রিয়ভাবে অংশগ্রহণ নিলে অবস্থা কোন দিকে মোড় নেয় তা এ মুহূর্তে বলা মুশকিল। এস.এ/জেসি    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন