Logo
Logo
×

রাজনীতি

‘যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে’

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পিএম

‘যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে’
Swapno

 

তফসিল ঘোষণার অপেক্ষায় জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে এ মুহূর্তে নারায়ণগঞ্জ-৪ আসনের আকাশ জুড়ে একটি পরিচিত বাউল গানের সুর উড়ছে। বাউলশিল্পী শামসুল হক চিশতীর গাওয়া ‘যদি থাকে নসিবে/ আপনি আপনি আসিবে’ শীর্ষক গানটির ছায়ানায়কের ভূমিকায় আবির্ভূত হয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহমেদ পলাশ।

 

ওই আসনে আওয়ামী লীগের প্রার্থীতা হয়তো বা তার নসিবেই আপনি আপনি চলে আসতে পারে। সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের বর্তমান এমপি শামীম ওসমানের একটি ঘোষণায় এমন সম্ভাবনা তৈরী হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

শামীম ওসমান প্রকাশ্যে স্পষ্টভাষায় ঘোষণা দিয়ে বলেছেন, তিনি আর নির্বাচন করবেন না। এও বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন যেন তাকে নমিনেশন দেয়া না হয়। তবে কী কারণে তিনি হঠাৎ করেই নির্বাচনী মাঠ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো রহস্যাবৃত। তার এ রহস্যাবৃত ঘোষণার পর দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চপর্যায়েও প্রশ্ন ওঠেছে, শামীম ওসমানের স্থলাভিষিক্ত কে হবেন?  

 

বিএনপি যদি নির্বাচনে আসে তবে ওই আসনে গিয়াসউদ্দিনের প্রার্থীতা নিশ্চিত। তার মতো একজন শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে তো শামীম ওসমানের মতোই একজন শক্তিশালী প্রার্থী প্রয়োজন। তো কে সেই তিনি, যিনি আওয়ামী লীগের হয়ে গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে পারবেন! শামীম ওসমানের বিকল্প হিসেবে কাউসার আহমেদ পলাশকেই এগিয়ে রাখছেন তৃণমূল।

 

কিন্তু শামীম ওসমান নিজে ওই আসনে তার পরিবর্তে তরুণ প্রজন্ম থেকে প্রার্থীতা বাছাইয়ের আহ্বান জানিয়ে বলেছেন, তরুণ প্রজন্ম তাদের চাইতে অনেক বেশী স্মার্ট। প্রবীণদেরকে তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আগামী দিনের বুদ্ধিদীপ্ত রাজনীতিতে স্মার্টরাই ভালো করবে। তরুণ প্রজন্মের প্রার্থীতা বলতে শামীম ওসমান কাকে ইঙ্গিত করেছেন তাও স্পষ্ট নয়। তবে অনেকে অয়ন ওসমানের দিকে অঙ্গুলি তুলে বলছেন, নির্বাচন করার মতো তরুণ প্রজন্মে আর কেউ নেই।

 

সংশ্লিষ্ট সূত্র মতে, নমিনেশনের ক্ষেত্রে আওয়ামী লীগের পলাশই সবদিক দিয়ে এগিয়ে রয়েছেন। নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। আর শ্রমিক বেল্টে পলাশের আধিপত্য ঈর্ষণীয়। গার্মেন্ট এবং ট্রাক শ্রমিকদের কাছে পলাশের রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবেও নারায়ণগঞ্জের সর্বমহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এর আগেও তিনি এ আসনে দলের নমিনেশন চেয়ে ব্যর্থ হয়েছেন। তবে এবার হয়তো নসিবে আপনি আপনিই প্রার্থীতা ধরা দিতে যাচ্ছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন