Logo
Logo
×

রাজনীতি

ছোট বোনকে নিয়ে বড় ভাইয়ের দুঃখ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম

ছোট বোনকে নিয়ে বড় ভাইয়ের দুঃখ
Swapno

 

# আইভীকে দেয়া ম্যাসেজ  শোনালেন শামীম ওসমান

 

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বাকি তিন সপ্তাহ সময়। আগামী ১০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু নির্বাচন ঘিরে আওয়ামী লীগ বিএনপি পুরোদমে রাজপথ দখল নিয়ে মাঠে রয়েছে। এমনকি কথার লড়াইয়েও কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি মানেই উত্তর-দক্ষিন। উত্তরে সাংসদ শামীম ওসমান অনুসারীরা রয়েছেন।

 

বিপরীতে দক্ষিনে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অনুসারীরা রয়েছেন। স্থানীয় ভাবে ক্ষমতাসীন দলের এই দুই জনপ্রতিনিধির দ্বন্দ্ব জানে না এমন কেউ নেই। বিশেষ করে নাসিক নির্বাচন আসলেই তাদের কোন্দল প্রকাশ্যে আসে। কিন্তু এবার সেই কোন্দল মিটিয়ে আইভীকে নিয়ে ঐক্যের ডাক দিয়েছে সাংসদ শামীম ওসমান। সেই সাথে তারা এক সাথে মাঠে নেমে দেখাতে চান সারাদেশবাসীকে। কিন্তু শামীম ওসমানের সেই ডাকে সারা দিচ্ছে না আইভী। আর এ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। এছাড়া মেয়র আইভীকে তিনি মেসেজ পর্যন্ত পাঠিয়েছেন তা সকলের সামনে তুলে ধরেন।

 

অপরদিকে নির্বাচনের তফসিল ঘোষনার সময় ঘনিয়ে আসলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর বড় ধরনের আন্দোলনের বাস্তব পরিস্থিতি বাংলাদেশে নেই। বিশেষ করে বিএনপি এই ধরনের আন্দোলন গড়ে তোলার মতো সক্ষমতা অর্জন করেনি। কেননা গত ১২ জুলাই বিএনপি সরকারের পদত্যাগের দাবী জানিয়ে এক দফা ঘোষনা করেও সরকারকে কোন চাপে ফেলতে পারে নাই। কিন্তু আগামী ২৮ অক্টোবরের পরে বিএনপি শক্তিশালী আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটাতে চায়। আর তা প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, জাতির জনকের সাথে বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার সাথে পার্থক্য হলো বঙ্গবন্ধু সকলকে বিশ্বাস করতেন আর প্রধানমন্ত্রী বিশ্বাস ঘাতকদের চিহ্নিত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু জীবন দিয়ে শিক্ষা পেয়েছে। আর তার কণ্যা আগেই চিহ্নিত করেছে।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী প্রসঙ্গ টেনে এমপি শামীম ওসমান বলেন, অনেকে মেয়র আইভীকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কেন আসেন না। আমি হাই ভাইকে এবং বাবুকে মেসেজটা পড়িয়েছিলাম। আমাদের এখন একটি জিনিস দরকার আর তা হলো ঐক্যবদ্ধ হওয়া। সামনে ঐক্যের কোন বিকল্প নেই। নারায়ণগঞ্জে নেত্রীর মাকে নিয়ে গালি দেয়া হচ্ছে। কিন্তু আমি দেখছি এখানে অনেকে থাকা সত্বেও তারা কি করে।

 

কিন্তু যখন দেখলাম তারা কোন কিছু বলছে না তখন আমি নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করি। নারায়ণগঞ্জে কিছু কিছু জায়াগায় বিভেদ আছে। আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে মেসেজ পাঠিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখেছি। গত ৯ আগস্ট তিনি ওই মেসেজ দেন। এরপর নারায়ণগঞ্জে দলের সেক্রেটারী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সমাবেশেও আইভী আসেনি। এখন বিরোধের সময় না। এখন ঐক্যের কোন বিকল্প নেই।

 

সাংসদ শামীম ওসমান বলেন, গত ৯ আগস্ট আমরা প্রধানমন্ত্রীর কাছে শপথ করেছি। সেদিন শপথের পর আমি আমার ছোট বোন আইভীকে মেসেজ পাঠিয়েছি। মেসেজটি পড়ে সকলের সামনে তুলে ধরে তিনি পড়ে শুনান। ছোট বোন আইভী আমি এভাবে তোমাকে মেসেজ করবো ভাবতে পারি নাই। সেদিন আমাদের মাতৃতূল্য শেখ হাসিনা আমাদের ওয়াদা করিয়েছেন। আমিও অন্তর থেকে ওয়াদা করেছি। তাই তোমাকে মেসেজ করছি।

 

আমার বাবা মা ভাইয়ের কবরগুলো শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়ার বিষয়ে, আমি প্রকাশ্যে মিডিয়ায় বলেছি। তুমি হয়তো জানো না সেখানে আমি তোমাকে দায়ী করিনি। আমি আশা করেছিলাম আমার ছোট বোন হিসেবে এ বিষয়ে তুমি তদন্ত কমিটি করে দোষীদের বিচার করবে। যাই হোক যা হওয়ার হয়ে গেছে। মহান আল্লাহ বিচার করবে। আইভী আমি শুধু তোমাকে কয়েকটা বিষয়ে কিছু কথা বলব। তোমার কিন্তু মনে আছে প্রথম সিটি করপোরেশন নির্বাচনে আমি আপার নির্দেশমত নির্বাচনে সব কিছু করেছি।

 

নির্বাচনের দিন আমার চোখের সামনেই যা ঘটার ঘটেছিল এবং আমার পরামর্শেই সব কিছু হয়েছিল। তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ছিল। আমাকে বলা হয়েছিল তৈমূর আলম খন্দকার বসে গেলে তোমাকেও সরে যেতে হবে, নির্বাচন ছেড়ে দিতে হবে। আমি কথা রেখেছিলাম। নির্বাচনের পরে একারণেই বলেছিলাম হেরেছি আমি, জিতেছেন শেখ হাসিনা। প্রমাণ হয়েছে সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে। এগুলো লিখেছি ওকে। দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন নিয়ে আর বললাম না।

 

তারপর আমি যেটা বলেছি। আইভী তুমি জানো জননেত্রী শেখ হাসিনা আমার মাতৃতুল্য। তুমিও জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসো। সেটা এখন প্রমাণের সময় এসেছে। সামনে আমাদের কঠিন লড়াই। এটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের অস্তিত্বের লড়াই। সে কারণে ভাই হিসেবে তোমার কাছে আমার অনুরোধ। নির্বাচন পর্যন্ত বাঁচবো কি না জানি না। করবো কি না তাও জানি না। এখন একমাত্র চিন্তা দেশটাকে বাঁচানোর।

 

তাই আসো আমরা একসাথে মাঠে নামি। জামায়াত বিএনপি ও তথাকথিত সুশীল গ্রুপ যারা দেশটাকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। তাহলে নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরে আসবে। সবার চেয়ে বড় কথা আপা অত্যন্ত খুশী হবে। আমরা যদি এক সাথে মাঠে থাকি তাহলে আমাদের দেখাদেখি সারা দেশে আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দল নিরসন হবে।

 

মনোনয়ন নিয়ে সাংসদ শামীম ওসমান বলেন, আমি নেত্রীকে বলেছি আমাকে মনোনয়ন দিয়েন না। আমার জায়গায় অন্য কাউকে মনোনয়ন দেন। কিন্তু মনোনয়ন চাওয়ার অধিকার সবারই আছে। আজকে গাজী ভাইয়ের এলাকায়, বাবুর এলাকায় অনেকেই মনোনয়ন চাইতে পারে। আমার এলাকায়ও অনেকে দল থেকে মনোনয়ন চাইতে পারেন। কিন্তু মনোনয়ন নেত্রী কাকে দিবেন সেই সিদ্ধান্ত নেত্রী নিবেন। আমরা শুধু চামু নেত্রীর কাছে, নেত্রীকে বলবো দেন দেন।

 

আমরা শুধু খামু। তিনি শুধু দিয়েই যাবেন। তার প্রতি কি আমাদের কোন দায়িত্ব নেই। ১৬ বছর যাবৎ তিনি আমাদের ক্ষমতায় রেখেছে। সামনে ৭১ এর চেয়েও কঠিন পরীক্ষা। আর না হলে আজম ভাই এভাবে ছুটে আসতেন না। সব কথা বলা যায় না। আমিও আমার মেসেজ এর সব কথা পড়তে পারি নাই। আর না হলে অনেক বিতর্ক সৃষ্টি হবে। আমরা একটা পরিবার। মাথায় আমরা কাফনের কাপড় পড়ে নামবো।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের চির প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান আর আইভী কি এক হবেন। তারা কি এক হয়ে দলের জন্য মাঠে নেমে সকলকে চমক দেখাবেন। এছাড়া বড় ভাই শামীম ওসমানের ডাকে ছোট বোন মেয়র আইভী কি সারা দিবেন। তাছাড়া রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে ছোট বোনকে নিয়ে শামীম ওসমান তার মনের মাঝে জমে থাকা দুঃখ প্রকাশ করলেন। সেদিকে তাকিয়ে রয়েছে দলীয় নেতা কর্মীরা। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন