বুলেট প্রয়োগ করে পদত্যাগ ঠেকাতে পারবে না সরকার: পারভীন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পিএম
সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপি আয়োজিত মহাসমাবেশে নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিশাল শোডাউন করে মহাসমাবেশে যোগদান করেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকেই পারভীন আক্তারের নির্দেশনায় আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ নয়াপল্টনে অবস্থান নিতে থাকে। পরববর্তীতে পারভীন আক্তারের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ বিশাল শোডাউন করে মহাসমাবেশে যোগ দেন।
মহাসমাবেশে উপস্থিত হয়ে পারভীন আক্তার বলেন, আজকে শত বাধা উপেক্ষা করে লক্ষ লক্ষ জনতা নয়াপল্টনে মহাসমাবেশে সমবেত হয়েছে। আমাদের উপর বুলেট প্রয়োগ করে পদত্যাগ ঠেকাতে পারবে না শেখ হাসিনা সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার ও শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে আমরা রাজপথে রয়েছি। তিনি আরও বলেন, সরকারের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে দিয়ে প্রমাণ করলেন এই সরকার গণতন্ত্র বিশ্বাস করে না। এই স্বৈরাচারী সরকারের পতন অনিবার্য, আমাদের লক্ষ্য নির্দলীয় নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরব। আগামীকাল রবিবার কেন্দ্র ঘোষিত সকাল সন্ধ্যা হরতাল দেশের আমজনতা সফল করে দাঁতভাঙ্গা জবাব দিবে এই অবৈধ শেখ হাসিনা সরকারকে।


