সরকার দিশেহারা হয়ে পড়েছে : এড.সাখাওয়াত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পরেছে। আর এ কারনেই তারা পরিকল্পিত ভাবে সংঘাতের পথ বেছে নিয়েছে। দেশবাসী দেখেছে সরকার আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কিভাবে বাধা দিয়েছে। কিন্তু আমরা মনে করি এবার কোনো মতেই সরকার কোনো সাজানো নির্বাচন করতে পারবে না। আমরা নির্বাচন করতে দেবো না। গতকাল তিনি দৈনিক যুগের চিন্তাকে টেলিফোনে এসব কথা বলেন।
এ সময় সাখাওয়াত হোসেন খান আরো বলেন, সরকার এ দেশের সব কিছুকে ধ্বংস করে ফেলছে। দূর্নীতি আর লুটপাটের মাধ্যমে আরো আগেই দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। ঘরে ঘরে মানুষ না খেয়ে থাকছে। সরকারের দোষর হিসাবে অল্প কিছু মানষি গোটা দেশটাকে লুটেপুটে খাচ্ছে। দেশের সম্পদ বিদেশে পাঁচার করছে। আর এই লুটপাট জারি রাখার জন্যই সরকার অতি নির্মমভাবে জনগনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা মনে করি এসব করে সরকারের শেষ রক্ষা হবে না।
কারণ এবারের আন্দোলনে এরই মাঝে জনগন সম্পৃক্ত হয়ে গেছে। আপনারা দেখেছেন সারা দেশে এবার নজিরবিহীন ভাবে হরতাল পালিত হয়েছে। মানুষ নিজেদের থেকেই ঘর থেকে বের না হয়ে হরতালে সমর্থন দিয়েছে। এরই মাঝে বিএনপি সহ সব বিরোধী দল তিন দিনের অবরোধের ডাক দিয়েছে। এবারের এই অবরোধেও জনগন স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেবে বলে আমরা মনে করি। মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান আরো বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী।
কিন্তু সরকার আমাদেরকে সহিংসতার দিকে ঠেলে দিতে চায়। তারা নিজেরাই বাসে আগুন দিয়ে আমাদের নামে মামলা দেয়। আবার কোনো ঘটনা না ঘটার পরেও আমাদের নামে গায়েবী মামলা দেয়। এই ধরনের নির্মম নির্যাতন গত পনেরো বছর ধরে করে আসছে সরকার। কিন্তু আমরা মনে করি এবার সরকারের সময় শেষ। জনগন ভীষণ কষ্টে আছে। দেশের মানুষ আরো আগে থেকেই মাছ মাংস দুধ ডিম খাওয়া ছেড়েছে। আর এখন আলু পিয়াজটাও কিনে খেতে পারছে না।
লুটেরা সরকার এবং তার অলিগার্ক হিসাবে পরিচিত ব্যবসায়ীরা সিন্ডিক্যাট করে এমন ভাবে দাম বাড়িয়েছে যে দেশের বহু মানুষকে এখন না খেয়ে থাকতে হচ্ছে। তাই এবার মানুষ স্বতঃস্ফুর্তভাবে বিএনপির আন্দোলনকে সমর্থন দিচ্ছে। তাই আমরা মনে করি এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে যাওয়ার আগে সরকার দেশের আরো ক্ষতি করে রেখে যেতে চায় বলে প্রতিয়মান হচ্ছে।
আমি নারায়ণগঞ্জের জনগনের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই তিনটি মাস আমাদের আন্দোলনকে সমর্থন দিন এবং যে সকল কর্মসূচি ঘোষনা করা হবে সেই সকল কর্মসূচি পালন করুন। অন্যথায় দেশে বড় ধরনের ক্ষতি করে পালাবে সরকার। আসুন আমরা সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলি। এস.এ/জেসি


