Logo
Logo
×

রাজনীতি

দলের কঠিন সময়ে মাঠে সক্রিয় শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম

দলের কঠিন সময়ে মাঠে সক্রিয় শামীম ওসমান
Swapno

 

# আজ নারায়ণগঞ্জ থেকে লাখো নেতাকর্মী সমর্থক নিয়ে যোগ দেবেন তিনি

 

 

বর্তমানে দেশে সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে সব দলের জন্যই এক ধরণের দুঃসময় চলছে। কি আওয়ামী লীগ কি বিএনপি কোনো দলই স্বস্তিতে নেই। তাই এমতাবস্থায় যারা দলের জন্য ভূমিকা রাখবেন তাদেরকেই আগামী দিনে যথাযথ মূল্যায়ন করা হবে বলে রাজনৈতিক সংশ্লিষ্ট অনেকে ধারণা করছেন। সেই হিসাবে আওয়ামী লীগের রাজনীতিতে এবার নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে অনেকে মনে করেন।

 

এই সময়ে মাঠে রয়েছেন শামীম ওসমান এবং তিনি গঠনমূলক রাজনীতি নিয়ে সোচ্চার রয়েছেন। এরই মাঝে সরকার বিরোধী একজন জনপ্রিয় ইউটিউবার জানিয়েছেন, শামীম ওসমানকে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার কাজে সহায়তা করার জন্য বলা হলেও তিনি রাজী হননি। এই কাজে সহায়তা করেছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ওই ইউটিউবার এ বিষয়ে কিছু ভিডিও দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন।

 

কিন্তু শামীম ওসমানের জন্য স্বস্তির বিষয় হলো তিনি রাজী হননি বলে যে খবর প্রচার করা হয়েছে এটা শামীম ওসমানের ইমেজের জন্য খুবই ইতিবাচক বলে মনে করেন নারায়ণগঞ্জের অনেকে। এছাড়া শামীম ওসমান মাঝে মাঝে বিরোধীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিলেও তিনি ব্যাক্তিগত ভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছেন না বলেই জানা গেছে।

 

যদিও স্থানীয় ভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়েরের পেছনে তার হাত রয়েছে বলে স্থানীয় বিএনপি নেতাদের অনেকে মনে করেন। কিন্তু বাস্তবতা হলো এই মুহুর্তে সারা দেশেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পর মামলা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাইকেই গ্রেফতার করা হয়েছে। তাই এতে প্রমাণ হয় শামীম ওসমান চান বা না চান বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হতোই।

 

তাই নারায়ণগঞ্জের সাধারণ মানুষের অনেকে মনে করেন অতীতে শামীম ওসমান যে ধরণের রাজনীতিই করেন না কেনো, এই সময়ে এসে তিনি অনেকটাই সংযত আচরণ করছেন। তবে তার দলের পক্ষে তিনি খুবই সক্রিয় রয়েছেন। নিয়মিত টকশোতে যাচ্ছেন এবং মাঠের রাজনীতিতেও কর্মী সমর্থকদের নিয়ে সক্রিয় রয়েছেন। এছাড়া বাংলাদেশের রাজনীতিতে শামীম ওসমান এমনিতেই পরিচিত একটি মুখ।

 

কিন্তু দলের এই কঠিন সময়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরেই সক্রিয় রয়েছেন শামীম ওসমান এমপি। তিনি দলের প্রত্যেকটি কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে নিজে নেতৃত্ব দিচ্ছেন। সারা নারায়ণগঞ্জ জেলা থেকে নেতাকর্মীরা তার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিগুলিতে যোগ দিচ্ছেন। রাজধানীতে আজকের কর্মসূচিতেও শামীম ওসমান বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে যোগ দেবেন বলে জানা গেছে। আজকের সামবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

 

শামীম ওসমানের নির্দেশে গতকাল নারায়ণগঞ্জ জেলার চারটি থানা এলাকায় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আজ ঢাকার সমাবেশে সবচেয়ে বড় মিছিল নিয়ে শামীম ওসমান যোগ দেবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল। তাই আগামী দিনে আওয়ামী লীগ যদি রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকে তাহলে শামীম ওসমান গুরুত্বপূর্ণ পদে আসিন হবেন বলে অনেকে ধারণা করছেন। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন