Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জের সব আসনে প্রার্থী খুঁজছে তৃণমূল বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম

না.গঞ্জের সব আসনে প্রার্থী খুঁজছে তৃণমূল বিএনপি
Swapno

 

# তৃণমূল বিএনপি হবে জনগণের দল : তৈমুর 

 

 

আর কিছু দিন পরেই আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের ব্যাপক প্রস্তুতি থাকলেও বিরোধী দলের তেমন কোন প্রস্তুতি দূরের কথা তারা নির্বাচনে আসেব কি না এখনো সিদ্বান্তহীনতায় রয়েছে। তবে বিএনপির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবী জানিয়ে এক দফা আন্দোলনে অবরোধের কর্মসূচিতে রয়েছে বিএনপি।

 

কিন্তু বিএনপির এই অবরোধকে প্রতিরোধ করার জন্য শান্তি মিছিল নিয়ে মাঠে রয়েছে। যদিও বিএনপি বলে আসছে তারা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিবে না। কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ সংবাদ সম্মেলন করে বিএনপিকে জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে বিএনপি নির্বাচনে অংশ নিবে কি না তা নিয়ে ধোঁয়াশা থাকলেও তৃনমূল বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করার ঘোষনা দিয়েছে।

 

এদিকে গতকাল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’। দলটির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী এই ঘোষনা দেন। তিনি বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। সেই সাথে তিনশ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।

 

শমসের মোবিন বলেন, ‘তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। ’‘আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবে এটা আমাদের দাবি।’

 

অপরদিকে নাজমুল হুদার গড়া তৃনমূল বিএনপিতে যোগদান করে নতুন করে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমুর আলম খন্দকার। তিনি দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে ২০২২ সনের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার হন। এরপর থেকে তিনি দীর্ঘ দিন যাবৎ পদহীন হয়ে থাকেন। পরবর্তীতে বিএনপিতে ডাক না পাওয়ায় অনেকটা ক্ষোভ নিয়ে তৃনমূল বিএনপিতে যোগদান করেন।

 

তৃনমূল বিএনপিতে যোগদান করেই তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হয়ে নতুন ভাবে আলোচনায় আসেন এড. তৈমুর আলম খন্দকার। তৃনমূল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নারায়ণগঞ্জে নির্বাচন করার কথা জানান তিনি। কিন্তু কোন আসনে নির্বাচন করবেন তা এখনো পরিষ্কার করেন নাই। তবে  তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের বাড়ি রূপগঞ্জ এলাকায় হওয়ায় সেখানে তার বিশাল সমর্থক রয়েছে। কিন্তু তিনি নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় বসবাস করায় এখানেও তার ব্যাপক পরিচিতি রয়েছে।

 

জানা যায়, তৃনমূল বিএনপির মহাসচিব ২০১১ সনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহন করেও ভোট গ্রহনের আগের দিন বসে পরেন। পরবর্তীতে ২০২২ সনের ১৬ জানুয়ারিতে নাসিক নির্বাচনে অংশ গ্রহন করে আওয়ামী লীগের প্রার্থী মেয়র আইভীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ওই নির্বাচনে মেয়র আইভীর পক্ষ হতে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান তাকে প্রার্থী করেছে। কিন্তু সকল অভিযোগকে প্রত্যাখান করেছে তৈমুর আলম খন্দকার।

 

নাসিক এলাকা সদর বন্দর নিয়ে গঠিত হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনে তার ব্যাপক পরিচিত রয়েছে। সেই সাথে এখানে তার বিশাল ভোট ব্যাংক রয়েছে। তাই রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ-৫ কিংবা নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না আসলে তৈমুর আলম খন্দকারের কপাল খুলতে পারে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধমহল।  

 

কিন্তু তৃনমূল বিএনপির চেয়ারম্যান বলেছেন তারা সারাদেশে তিনশো আসনে প্রার্থী দিবেন। সেই হিসেবে নারায়ণগঞ্জের অন্যান্য আসনে কারা প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। আবার কেউ কেউ বলছে সাবেকদের মধ্য থেকে বেশির ভাগ প্রার্থী বাছাই করা হচ্ছে। এক্ষেত্রে মানুষের কাছে যাদের গ্রহন যোগ্যতা রয়েছে তাদেরকে খোঁজা হচ্ছে।

 

তাছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সাবেক সাংসদ আবুল কালামকে নিয়ে আলোচনা হচ্ছে। যদিও তিনি তৃনমূল বিএনপিতে যোগদান করেন নাই। এছাড়া আড়াইহাজার এলাকা নারায়ণগঞ্জ-২ আসনে আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ আসনে রেজাউল করিমকে ডাকা হতে পারে বলে মনে করেন অনেকে। তবে তারা যাবে কি না তা জানা যায় নাই।

 

তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমরা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নেবো এবং আমরা আশা করি, প্রতিটি আসনে তৃণমূল বিএনপির একজন করে প্রার্থী দিতে পারবো। সেই প্রার্থী যেন জনগণের সম্মতি নিয়ে জনগণের ভোট আদায় করে আগামী সংসদের সদস্য হিসেবে বসতে পারে। জনগণের কথা বলতে পারে। তৃণমূলের কথা বলতে পারে।

 

দলের প্রত্যেক সদস্য হবে এই দলের নেতা। এবং তৃণমূল বিএনপির কাছে আসতে হবে না। তৃণমূল বিএনপি যাবে তৃণমূলের কাছে। তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, তৃণমূল বিএনপি কোনও প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এটা হবে জনগণের দল, জনবান্ধব দল। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।   

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেহেতু আগামী নির্বাচনে তৃনমূল বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করছে সে হিসেবে তারা সারাদেশে প্রার্থী খুঁজছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ৫টি আসনে তারা প্রার্থী খুঁজছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। যদিও দলটির হাই কমান্ডে দাবী তারা প্রার্থী দিতে পারবে। সময় এলে নাম জানা যাবে। আর সেই পর্যন্ত সকলকে লক্ষ রাখার আহ্বান জানান তারা। এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন