Logo
Logo
×

রাজনীতি

রাজনীতির মাঠে চতুর্থ প্রজন্ম

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

রাজনীতির মাঠে চতুর্থ প্রজন্ম
Swapno

 

নারায়ণগঞ্জ ছাপিয়ে গোটা দেশ এমনকি বিদেশেও ওসমান পরিবারের নাম ডাক ছড়িয়ে আছে। ছড়িয়ে পড়া এ নাম ডাকের পেছনে ইতিবাচক এবং নেতিবাচক দু’টোরই প্রভাব স্পষ্ট। ওসমান পরিবারের তৃতীয় প্রজন্ম শামীম ওসমানকেই এ নামডাকের ধারক এবং বাহক হিসেবে চিহ্নিত করা হয়।

 

সাংগঠনিক ও ব্যক্তি জীবনের নানাবিধ কর্মকান্ড শামীম ওসমানকে এ পর্যায়ে নিয়ে এসেছে বলে ধারণা। ‘খেলা হবে’ স্লোগানের স্রষ্টা শামীম ওসমান এখন ‘স্লোগান বয়’ হিসেবেও সমধিক পরিচিত। পরিণত বয়সকে তারুণ্যের পোষাকে আবৃত করে বজ্রকণ্ঠে স্লোগান দিয়ে এখনো তিনি ঢাকার রাজপথ কাঁপিয়ে তুলতে পারঙ্গম।  

 

ওসমান পরিবারের ইতিহাস কম বেশি সবারই জানা। এম ওসমান আলীর হাত ধরে ১৯২০ সালের শুরুতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামালকান্দি গ্রাম থেকে চলে আসা ওসমান পরিবার নারায়ণগঞ্জে থিতু। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এম ওসমান আলী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদেরও সদস্য ছিলেন।

 

ব্রিটিশ সরকারের দমন নীতির প্রতিবাদে তাকে দেয়া ‘খান সাহেব’ উপাধি বর্জন করতেও দ্বিধা করেননি তিনি। চাষাঢ়া রেল স্টেশনের পাশে তাঁর হাতে গড়া ‘বায়তুল আমান’ ভবনেই আওয়ামী লীগের জন্ম হয়েছিলো বলে জনশ্রুতি রয়েছে। মাওলানা ভাষানী এবং বঙ্গবন্ধুসহ অনেক রাজনৈতিক নেতা ও গুণী ব্যক্তিদের পদচারণা ছিলো ঐতিহাসিক ওই ভবনে।

 

আওয়ামী লীগের রাজনীতিতে ওসমান পরিবারের তিন প্রজন্মের দাপট চোখে পড়ার মতো। মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত ওসমান আলী ১৯৪৬ সালে সাধারণ নির্বাচনে ঢাকার নবাব খাজা হাবিবুল্লাহকে পরাজিত করে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওসমান পরিবারের দ্বিতীয় প্রজন্ম একেএম সামসুজ্জোহা ও মোস্তফা সরোয়ার বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন।

 

বড় ছেলে একেএম সামসুজ্জোহা ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য এবং স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর হিসেবে নিজেকে তুলে ধরতে সমর্থ হন। তার পিতার মতো তাকেও মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করে সম্মানিত করা হয়েছে।

 

অপরদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন মোস্তফা সরোয়ার। এখনো পর্যন্ত খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে ওসমান পরিবারের তৃতীয় প্রজন্ম। সামসুজ্জোহার তিন ছেলে নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমান নারায়ণগঞ্জের দু’টি আসনে পর পর এমপি নির্বাচিত হয়েছেন। আসছে সংসদ নির্বাচনেও তাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। 

 

ইতিহাস সাক্ষ্য দেয়, বেশির ভাগ পরিবারের চতুর্থ প্রজন্ম তাদের পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তবে ওসমান পরিবারের চতুর্থ প্রজন্মের বেলায় ইতিহাসের চাকা কোন দিকে মোড় নেয়, তা এ মুহূর্তে বলা মুশকিল। কারণ হিসেবে বলা যায়, ঘরে বাইরে বিতর্কের মধ্যেও ওসমান পরিবারের চতুর্থ প্রজন্ম নানা কর্মসূচির মাধ্যমে রাজনীতির মাঠে তাদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন।

 

ওসমান পরিবারের চতুর্থ প্রজন্ম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়ে মাঠে নেমেছেন। বিএনপির ডাকা অবরোধে আজমেরী ওসমান তার অনুসারীদের নিয়ে রাজপথে মিছিল করেছেন।

 

গত রোববার কয়েক’শ মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ মিছিলটি চাষাঢ়া থেকে আদমজী-চিটাগাং রোড ও সাইনবোর্ড প্রদক্ষিণ করে কলেজ রোডে গিয়ে শেষ হয় বলে জানা গেছে। অপরদিকে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শহরের বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ এবং বক্তৃতা করেন। জেলা ও মহানগর ছাত্রলীগে তার প্রচুর কর্মী রয়েছে। এরা সবসময় তার ডাকের অপেক্ষায় থাকে বলে জানা গেছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন