মনোনয়ন ধরে রাখতে আগেই মাঠে নামলেন শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
# সবাইকে জানিয়েই প্রচারণা শুরু করবো : শামীম ওসমান
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন টান টান উত্তেজনা চলছে। কেননা এই সপ্তাহেই নিবার্চনের তফসিল ঘোষনা হতে পারে। তাই নির্বাচনকে ঘিরে পুরোপুরি প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১ বছর আগে থেকে স্থানীয় এমপির মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। গত ৬ মাসের ব্যবধানে নারায়ণগঞ্জে বিশাল আকারে একাধিক সভা সমাবেশ করেছে। তার মাঝে শহরের মাঝে বড় আকারে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
সর্বশেষ নারায়ণগঞ্জের কাচঁপুরে আওয়ামী লীগের বড় জমায়েত হয়। ওই সমাবেশে আওয়ামী লীগের বড় বড় নেতারা এসে বক্তব্য রাখেন। অপরদিকে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে বলে জানিয়ে আসছেন। সেই সাথে ২৮ অক্টোবর থেকে বিরতি দিয়ে শেখ হাসিনার পদত্যাগের দাবীতে অবরোধ পালন করে আসছে। দুই দিনের বিরতির পর আবারও রোববার থেকে চতুর্থ ধাপের মত টানা ৪৮ ঘন্টার অবরোধ চলবে। বিএনপির এই ডাকা অবরোধকে প্রতিরোধ করে যাচ্ছে ক্ষমতাসীন দলের নেতারা। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিএনপি কোন ভাবেই দাঁড়াতে দেন নাই স্থানীয় নেতারা।
এদিকে পুর্বঘোষিত অনুযায়ী নির্বাচনী প্রচারনা না বললেও মানুষের সাথে কথা বলার জন্য মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শুক্রবার দুপুরে কুতুবপুর লাকিবাজার এলাকায় জুমার নামাজ পরে ওই এলাকার মানুষের সাথে তিনি হেঁটে দেখা করে কথা বলেন। যদিও এর আগে সাংসদ শামীম ওসমান এক সভায় প্রকাশ্যে বলেছেন, তাকে যেন নমিনেশন না দেয়া হয় তার জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
তিনি দল থেকে নমিনেশন না চাইলেও সবার আগে তিনিই প্রচারনায় মাঠে নেমেছেন বলে রাজনৈতিক বোদ্ধমহলে আলোচনা হচ্ছে। ফতুল্লা কুতুবপুরে প্রচারনায় নেমে নির্বাচনে না এসে বিএনপির গতি নেই উল্লেখ করে সাংসদ শামীম ওসমান বলেছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেশে সঠিক সময়েই নির্বাচন হবে। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরেও না। সবাই নির্বাচনে আসবে। যদি কেউ না আসে, সেটা তার সিদ্ধান্ত।
নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান আর আমি যদি নির্বাচনে দাঁড়াই ও বেঁচে থাকি, তাহলে ছোটখাটো কাজের জন্য আমাকে বলা লাগবে না। কয়েকটি বছর বেঁচে থাকতে পারলে নারায়ণগঞ্জের মানুষকে আর ঢাকায় যাওয়া লাগবে না। মানুষ গর্ব করে বলবে, নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গা গুলোর মধ্যে একটা। নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়ে তিনি বলেন, সবাইকে জানিয়েই প্রচারণা শুরু করবো। মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু হবে।
দলীয় সুত্রমতে, মাস খানিক আগেও আওয়ামী লীগের প্রভাবশালী এই সাংসদ শামীম ওসমান জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনকে নিয়ে নানা ভাবে কুৎসা রটিয়ে সমালোচনা করে বক্তব্য রেখেছেন। সেই সাথে বিএনপি নির্বাচনে আসবে বলে তিনি মন্তব্য করেছেন। তবে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে তিনি দল থেকে নমিনেশন না চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
তবে দলের একটি পক্ষ মনে করছেন আসলে তিনি তার নমিনেশন ঠিক রাখার জন্য এবার আগে থেকে মাঠে নেমেছেন। সেই সাথে অন্যান্য এমপিরা এখনো তেমন ভাবে মাঠে না নামলেও সাংসদ শামীম ওসমান মাঠে নামায় রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে তিনি তার অবস্থান ধরে রাখতেই মাঠে নেমে প্রচারনায় নেমেছেন। এস.এ/জেসি


