না.গঞ্জে ৫টি আসনে মোট ভোটার ২২ লাখ ৫০ হাজার ৬৯১ জন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
# নতুন ভোটার ২ লাখ ৩৭ হাজার ৮৫ জন
# ভোট কেন্দ্র ৭৮২টি, ভোট কক্ষ ৪৯৮৩টি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা ৫টি আসনের ভোটার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী প্রতিটি কেন্দ্রে ১ জন সহকারি প্রিসাইডিং অফিসার এবং প্রতিটি বুথে ২জন করে পোলিং অফিসার ভোট গ্রহণে, দায়িত্ব পালন করবেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তারা (প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল তৈরির প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা বলেন, আমাদের সাংসদীয় আসন অনুযায়ী ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা জমা দেওয়া হয়েছে। তফসিল ঘোষনার পর পরই আমরা ভোট গ্রহন কর্মকর্তাদের প্যানেল তৈরি করে দিবো। সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নামের তালিকা পাঠানোর জন্য চিঠি ইস্যু করা হবে।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বর্তমানে নারায়ণগঞ্জে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৬৯১ জন। এর মধ্যে পাচঁটি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৩৭ হাজার ৮৫ জন। ভোটারদের মধ্যে পুরুষ ১১ লাখ ৪৪ হাজার ৪৪৯ জন ও নারী ১১ লাখ ৬ হাজার ২২৫ জন। আগামী বছরের ৭ জানুয়ারি আয়োজিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত বুধবার (১৫ নবেম্বর) সন ৭টায় প্রধান নির্বাচন কমিশনার এই তফসিল ঘোষনা করেন।
নারায়নগঞ্জ-১ আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬৬৫ জন। নারায়ণগঞ্জ-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৭৯ জন।। নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটার হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৭২০ জন। নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার ২০৭ জন। নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৩২০ জন। খসড়া তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জের ৫টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮২টি এবং ভোট কক্ষের সংখ্যা ৪৯৮৩ টি।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৭৪৫টি ও ভোট কক্ষ ছিল ৩৯৯৯টি। এদিকে অনেক নতুন ভোটার যারা আছেন তারা জীবনের প্রথম ভোটাধিকার এখনো প্রয়োগ করতে পারেনি। এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জয় পরাজয়ের মুখে আছে নতুন ও তরুণ ভোটাররা।
তরুণ ভোটারদের মধ্যে অনেকেই বলছেন, এলাকার সুবিধা-অসুবিধা গুলো দেখবে যারা, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে থাকবে নির্যাতনের প্রতিরোধ করবে এমন প্রার্থীকেই আমরা ভোট দিয়ে বেছে নিবো। ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা যায় সব থেকে বেশি ভোটার রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে। অন্যদিকে সবচেয়ে কম ভোটারের আসন নারায়ণগঞ্জ-২। এস.এ/জেসি


