হোন্ডাবাহিনীকে শামীম ওসমানের চোখ রাঙানি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
# এগুলো বন্ধ না করলে কত কঠোর হতে পারেন তা ৭ তারিখের পর দেখাবেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় জনমত তৈরিতে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শুধু যে তিনি তা নয়, নারাণগঞ্জ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। এদিকে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির বিরুদ্ধে মাঠে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান।
বিএনপির ডাকা প্রত্যেক হরতাল ও অবরোধে তার নেতৃত্বে হোন্ডাবাহিনী ও গাড়ির শোডাউন করে মহড়া দেয়ার দৃশ্য দেখা গেছে। যথারীতি গতকালও বিএনপি জামাতের হরতালের বিপক্ষে মাঠে নেমেছেন আজমেরী সমর্থকরা। এদিকে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের এক মতবিনিময় সভায় যোগ দেন শামীম ওসমান। ওই অনুষ্ঠানে যাওয়ার সময় শামীম ওসমানের মুখোমুখি হন হোন্ডাবাহিনীর বহর।
আর এদিকে ভালোভাবে নেননি এমপি শামীম ওসমান। তার দেয়া বক্তব্যে তিনি হোন্ডাবাহিনীর সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজ, যারা হুন্ডা দিয়ে মহড়া করে তাদের সাবধান করতে চাই। এগুলো বন্ধ করেন। না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ হাসিনা কতো কঠোর হতে পারে, আমরা কতো কঠোর হতে পারি ৭ তারিখের পর দেখবেন।’
শামীম ওসমানের এই বক্তব্যের পর অনেকেই মনে করছেন, এটি তিনি তার ভাতিজা আজমেরী ওসমানের সমর্থকদের উদ্দেশ্য করেই বলেছেন। কেননা, গত এক মাসের মধ্যে বিএনপি-জামাতের ডাকা প্রত্যেকটি কর্মসূচির বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে বিশাল শোডাউন করেছেন আজমেরী ওসমান ও তার সমর্থকরা। অবশ্য আজমেরী ওসমানের সাথে সাথে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ছাত্রলীগ বড় ধরণের শোডাউন করেছেন।
আজমেরী ওসমানের বিশাল শোডাউন নগরবাসী তো বটেই নানা জায়গায় আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন, আগামীর রাজনীতিতে আজমেরী ওসমান সরব হচ্ছেন, নিজেকে প্রস্তুত করছেন। এটি নিয়ে তার কর্মীবাহিনীরাও বেশ সরব। তবে গতকাল হোন্ডা মহড়া দেয়ার সময় শামীম ওসমানের মুখোমুখি হওয়া এবং পরবর্তীতে হোন্ডাবাহিনীকে শামীম ওসমানের সাবধান করে দেয়া আলোচনার খোরাক তৈরি করেছে। এস.এ/জেসি


