আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ১৫ নভেম্বর। তফসিলের ঘোষনা অনুযায়ী ৭ জানুয়ারি ভোটের দিন। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করবেনা এটা মোটামুটি নিশ্চিত। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচনের পথ এখনও কুসুমাস্তীর্ণ নয়। বরং সামনে আওয়ামী লীগকে দুর্গম পথ পাড়ি দিতে হবে।
এই নির্বাচন একদিকে যেমন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে তেমনই আন্তর্জাতিক মহলের স্বীকৃতি আদায় করতে হবে। সেই সাথে যে সকল নির্বাচনী এলাকায় বিতর্ক তৈরী হবে সেখানে তা নিয়েও নানা চ্যালেঞ্জে পরতে হবে আওয়ামী লীগকে। নির্বাচনের বিভিন্ন বিষয় গুলো এমন স্পর্শকাতর যে একটু এদিক ওদিক হলেই নির্বাচন নিয়ে গ্রহণযোগ্যতার সংকট তৈরি হতে পারে। নির্বাচনে অংশ গ্রহনের ঘোষনা দিয়ে আওয়ামী লীগ দলীয় ভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। সেই সাথে জমাও নিচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে এখনো পর্যন্ত ২৫ জন মনোনয় ফরম ক্রয় করেছে। তার মাঝে জেলার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহর বন্দরের নারায়ণগঞ্জ-৫ আসন। এখানে ২ যুগের বেশি সময় ধরে নৌকার প্রার্থী না থাকায় স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে নেতা কর্মীদের মাঝে ক্ষোভ জমে রয়েছে। তাই এই আসনটি জাতীয় পার্টির দখল থেকে উদ্ধারের দাবী জানিয়ে নৌকার প্রার্থী দেয়ার ইচ্ছা পোষন করেন।
বর্তমানে এই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান এমপি হিসেবে রয়েছেন। তাই তাকে সরিয়ে এখানে আওয়ামী লীগের এমপি হতে নৌকা প্রতীক পেতে নবীন প্রবীন মিলিয়ে একাধিক হেভিওয়েট নেতা মনোনয়ন ফরম ক্রয় করেছে। তার মাঝে গতকাল নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম ক্রয় করেন। তিনি সম্পর্কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভাই হন।
তাই রাজনৈতিক বোদ্ধামহলে আলোচনা হচ্ছে তাহলে কি এবার মেয়রের ভাইও এমপি হতে চান। দল যদি তাকে মনোনীত করে তিনি কি পাশ করে আসতে পারবে। যদিও তার পাশে মেয়র আইভীর বিশাল জনপ্রিয়তার ভোট রয়েছে। তাছাড়া আওয়ামী লীগ চায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করে একটি নজির স্থাপন করতে। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তবুও আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায়।
সেই হিসেবে আওয়ামী লীগের প্রার্থীদের জন্য অনেকটা চ্যালেঞ্জ হতে হবে। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত নৌকা পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল জানান, আমরা দীর্ঘ দিন লাঙলের বোঝা বইছি। তাই এই লাঙলের বোঝা আর বইতে চাই না। নারায়ণগঞ্জ-৫ আসনে আমরা এবার নৌকার প্রার্থী দেয়ার দাবী জানিয়েছি নেত্রীর কাছে। সেই হিসেবে আমি নারায়ণগঞ্জের চুনকা পরিবারের সন্তান হিসেবে এং আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় থাকায় মনোয়ন পাবো বলে আশাবাদি। তাছাড়া নেত্রী যাকে নৌকা দিবে আমরা তার পক্ষে কাজ করে তাকে জয়ী করবো। এন. হুসেইন রনী /জেসি


