আবারও এমপি হচ্ছেন গোলাম দস্তগীর গাজী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মধ্যে। এরই মধ্যে নারায়ণগঞ্জের পাঁচটি আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা শুরু করে দিয়েছেন।
একই সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক নেতারা তাদের নিজস্ব পদ্ধতি ও সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে নিজের যোগ্যতা প্রমাণসহ লবিংয়ের চেষ্টায় কাজ করে যাচ্ছেন বলে দলীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে নারায়ণগঞ্জের প্রথম ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার দৌঁড়ে নারায়ণগঞ্জ-১ আসনের বর্তমান এমপি এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) দলীয় প্রধানের সুদৃষ্টিতে আছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের সবার আগে আ’লীগের মনোনয়নের বিষয়ে গোলাম দস্তগীর গাজী দলীয় ‘গ্রীন সিগন্যাল’ পেয়েছেন বলেও জানায় সূত্রটি। তার বিগত দিনের দায়িত্ব পালন ও কাজকর্মে সন্তুষ্টি হয়ে মনোনয়নপত্র কেনার বিষয়ে দল থেকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে জানা গেছে। গত রোববার (১৯ নভেম্বর) তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মুক্তিযুদ্ধের সময় গোলাম দস্তগীর গাজী ২ নম্বর সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করার জন্যে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ২০২০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি। তাছাড়া সমাজসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখার জন্য তাঁকে ২০১৮ সালে আন্তর্জাতিক মাদার তেরেসা পদকে ভূষিত করা হয়। গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর একই দল থেকে ২০১৪ সালে তিনি দ্বিতীয়বার এবং ২০১৮ সালে তৃতীয়বারের মতো সাংসদ হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে তিনি পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে ক্লিনম্যান হিসেবেও পরিচিত। তার কর্ম ও ইমেজের কারণেই এর আগে তিনি এই সরকারের মন্ত্রী হওয়ার যোগ্যতা লাভ করেন। আসন্ন নির্বাচনেও তিনি সেই একই কারণে দলীয় গ্রীন সিগন্যাল পেয়েছেন বলে মনে করেন তার সমর্থক ও অনুসারীরা। এস.এ/জেসি


