Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন নিয়ে উভয় সংকটে বামজোট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম

নির্বাচন নিয়ে উভয় সংকটে বামজোট
Swapno

 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উভয় সংকটে পড়েছে বাংলাদেশের বাম ঘরানার রাজনৈতিক দলগুলো। তাদের অবস্থা এখন ‘শ্যাম রাখি না কুল রাখি’র মতো। দুর্মুখেরা বলছেন, জামানত হারানোর ভয়ে বামেরা নির্বাচনে যাচ্ছে না। অন্যদিকে নির্বাচন ঠেকানোর ক্ষমতাও তাদের নেই। তো কী করবে এখন বামেরা, এমন প্রশ্ন ওঠছে। বাম ঘরানার নেতৃবৃন্দ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলছে, আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়ে তারা নির্বাচনকে বৈধতা দিতে নারাজ।

 

দলীয় সরকারের অধীনে অতীতের কোন নির্বাচনই নিরপেক্ষ হয়নি, এবারও হতে পারে না। বর্তমান সরকার পদত্যাগ করে তদারকি সরকারের অধীনে নির্বাচন দিলে কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোট নির্বাচনে যাওয়ার চিন্তা করতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বাম একটা বিকল্প শক্তি গড়ে তুলতে কাজ করছে। বাম নেতৃবৃন্দ মনে করেন, আওয়ামী লীগ ও বিএনপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।

 

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এ সরকারের পদত্যাগ দাবি করি এবং তদারকি সরকারের অধীনে নির্বাচন চাই। বিদেশীদের মধ্যস্থতায় সিট ভাগাভাগির নির্বাচন হলে তাতেও অংশ নেবে না কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোট।’ 

 

এক প্রশ্নের জবাবে জনাব হাফিজ বলেন, ‘কোন সিট না পাওয়ার ভয়ে কমিউনিস্ট পাটি নির্বাচনে অংশ নেবে না, এমন ধারণা অমূলক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে যে কয়টা নির্বাচন হয়েছে সেগুলো মানুষের কাছে কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর যেসব নির্বাচনে মানুষ নিজের ইচ্ছায় ভোট দিতে পেরেছে সেসব নির্বাচনে অংশ নিয়ে কমিউনিস্ট পার্টির প্রার্থীরা এমপি নির্বাচিত হয়েছেন। এখনতো দেশের মানুষের ভোট দেয়ার অধিকারই নেই। গণতান্ত্রিক পরিবেশও নেই। সেখানে সিট পাওয়া আর না পাওয়ার প্রশ্ন আসে না।’

 

বাম নেতা অভিজিৎ রঘু রায় বলেন, আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকারের অধীনে বামেরা নির্বাচনে যাবে না। বিএনপিও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। বিএনপির আন্দোলনের সাথে বামদের আন্দোলনের অনেক মিল আছে। এর কারণ সম্পর্কে তিনি বলেন, বিএনপি তো সেদিনের দল। বামেরা বিএনপির জন্মের আগে থেকেই অধিকার আদায়ের জন্য আন্দোলনের মাঠ চষে বেড়াচ্ছে। ওদের রাজনৈতিক আদর্শ আর বামদের আদর্শিক রাজনীতি কখনো এক হতে পারে না।

 

এ মুহূর্তে বাম নেতারা  নির্বাচনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আন্দোলনের মাঠে থাকতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানা গেছে। এস.এ/জেসি       
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন