Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে জোটের রাজনীতিতে জাপাকে টপকে আলোচনায় তৃণমূল বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৩:২১ পিএম

না.গঞ্জে জোটের রাজনীতিতে জাপাকে টপকে আলোচনায় তৃণমূল বিএনপি
Swapno


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জোটগত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করা দল তৃণমূল বিএনপি নতুন মুখ হিসেবে সর্বত্র আলোচনায়। তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জোটের রাজনীতিতে জাতীয় পার্টির ব্যাপক গ্রহণ যোগ্যতা থাকলেও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ক্রমেই হ্রাস পাচ্ছে জোটের রাজনীতিতে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা।

 

 

যার কারণে জাতীয় পার্টিকে টপকে জোটের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তৃণমূল বিএনপি। সূত্র বলছে, নারায়ণগঞ্জে এক সময়ে আলোচিত বিএনপি থেকে বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাসেক খানেক পূর্বে বিএনপি ত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই সকলকে চমকে দিয়ে মহাসচিব পদ ভাগিয়ে নেন।

 

 

এর কিছুদিন পরই আলোচনায় আসে নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তৃনমূল বিএনপি থেকে প্রার্থী হতে যাচ্ছেন তৈমুর আলম খন্দকার। পাশাপাশি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সাথে তৃনমূল বিএনপি জোট হওয়ার বিষয়টিও আলোচনায় আসতে থাকে। তারই ধারাবাহিকতায় ২০ নভেম্বর তৃণমূল বিএনপির নেতারা আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘক্ষণ বৈঠক করেন।

 

 

বৈঠকের বিষয়টিও নিশ্চিত করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। বৈঠকের পরের দিনই নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তৈমুর আলম খন্দকার। তবে নানা ভাবে আলোচিত হচ্ছে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১, নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার জন্য ডিমান্ড করছেন।

 

 

কিন্তু জোটগত সমাঝোতায় শেষতক নাটকীয়তা কোন দিকে মোড় নেয় সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন ক্রয় করেছেন এড. আলী হোসেন এবং নারায়ণগঞ্জ-৫ আসন থেকে এড. আবুল হোসেন। মনোনয়ন নিয়ে তৃনমূল বিএনপি এখনই একপ্রকার দরকশাকশি ইতিমধ্যে শুরু করে দিয়েছে।

 

 

অপরদিকে জোটগত রাজনীতিতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত দল জাতীয় পার্টি এখনো রয়েছে জোটগত রাজনীতির আলোচনার বাহিরে। তাছাড়া জোটগত ভাবে নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা এবং নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান একাদশ সংসদ নির্বাচিত হলেও দ্বাদশ নির্বাচনে জোটগত ভাবে সাংসদ হওয়া নিয়ে শঙ্কা বিরাজ করছে।

 

 

কারণ দ্বাদশে জাতীয় পার্টি মনোনয়ন বিক্রি করলেও জোটের সিদ্ধান্ত এবং নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে কোন রকম স্পষ্ট বার্তা দেয়নি। যার কারণে জেলা ও মহানগর জাতীয় পার্টি থেকে শুরু করে জাতীয় পার্টির সাংসদরা রয়েছে নীরব। কিন্তু ইতিমধ্যেই নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা জাপার মনোনয়ন পত্র সংগ্রহ করছেন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

 

নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা জাপার মনোনয়ন পত্র সংগ্রহ করার বিষয়টি স্পষ্ট হলেও নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানের জাপা থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করার বিষয়টি স্পষ্ট করেননি তিনি। যার কারণে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জোটের রাজনীতিতে অনেকটা চুপিশারে রয়েছে জাপা। কিন্তু তৃণমূল বিএনপি নতুন দল হিসেবে জনমনে জোটের রাজনীতির সর্বত্র আলোচনা ইতিমধ্যে সৃষ্টি করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন