বাস জ্বালিয়ে মানুষকে কেন বিপদে ফেলেন : তৈমূর আলম খন্দকার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
‘পুলিশ সংসদ সদস্যদের (এমপি) দেওয়া তালিকা ধরে’ বিএনপি নেতাদের বাড়ি-বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমুর আলম খন্দকার। গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার রূপসীতে নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন৷ রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচনের জন্য তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তৈমূর বলেন, ‘আমি শুনলাম রূপগঞ্জে অনেক লোকই নিজের বাসায় ঘুমাতে পারে না। এর কারণ কী? এমপি সাহেবরা যে লিস্ট দেয়, সে লিস্ট ধরে আপনারা (পুলিশ) বাড়ি থেকে লোকজনরে ধরে নিয়ে আসেন। বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান, কেন?’ ‘বিএনপি করলেই কি সব লোক গাড়ি জ্বালায়’ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যারা গাড়ি জ্বালায় তাদের ধরেন।
যারা গাড়ি জ্বালায় না, শুধু রাজনীতি করে, শুধু বিএনপি করে, শুধু বিএনপি করার অপরাধে তাদের কেন গ্রেপ্তার করা হবে কেন? আমি এসপি ও ওসি সাহেবকে অনুরোধ করলাম, এ ধরনের গ্রেপ্তার বন্ধ করেন।’ ‘এমপি সাহেবের তালিকা ধরে বিএনপির লোকদের বাড়িতে বাড়িতে গেলে আমি বাধ্য হবো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করতে। আর আমি জানি, স্বরাষ্ট্রমন্ত্রী এসব পছন্দ করেন না৷’
তৈমূর বলেন, ‘এমপি যাদের নির্দেশ দিবে তাদের ধরে নিয়ে যাবেন কেন? তারাও তো আমাদের ভোটার৷ তারা না থাকলে আমরা নির্বাচন করবো কারে দিয়া?’ যারা টেলিফোনে গাড়ি জ্বালানোর নির্দেশ দেয় তাদের নিজেদের গাড়ি জ্বালিয়ে বিক্ষোভ করার পরামর্শ দেন বিএনপির সাবেক এই নেতা।
তিনি বলেন, ‘যারা গাড়ি জ্বালায় তাদেরকে বলছি, যাদের নেতৃত্বে গাড়ি জ্বালানো হয়, যারা উপরের থেকে টেলিফোন করে গাড়ি জ্বালানোর নির্দেশ দেন, আপনারা আপনাদের নিজের গাড়িটা জ্বালান। নিজের গাড়িটা জ্বালাইয়া আপনারা ক্ষোভ প্রকাশ করেন।’ ‘একটা মানুষ অনেক কষ্ট কইরা, ব্যাংকের লোন নিয়া বাস কেনে, সেই বাসটা জ্বালাইয়া দিয়া কেন লোকটারে বিপদে ফালান? প্যাসেঞ্জাররেই বা কেন মারেন, কেন হত্যা করেন? এগুলা বন্ধ করেন’, যোগ করেন তিনি।
তৈমূর বলেন, ‘২০১৪ সালে এগুলা কইরা বহু আন্দোলন করছি। আমি নিজেও অনেক বাস জ্বালানো মামলার আসামি। যদিও কোন আমি জ্বালাইনি৷ বাস পোড়ার কষ্ট আমি বুঝি, কারণ আমি বিআরটিসির চেয়ারম্যান ছিলাম।’


