রাতের ভোটের নির্বাচন এদেশের মাটিতে আর হবে না : পারভীন আক্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে আড়াইহাজারে সড়ক অবরোধ করে মিছিল করেন আড়াইহাজার উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। গতকাল রবিবার (২৬ নভেম্বর) সকালে মদনপুর নরসিংদী মহাসড়কের আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় সপ্তম দফা অবরোধের সমর্থনে এই মিছিল বের করা হয়।
অবরোধের সমর্থনে মিছিল শেষে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, আমাদের নেতা-কর্মীদের জেল-জুলুম, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন সহ যতই সাজা দেয়া হোক না কেন আন্দোলন আরো বেগবান হবে। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আমাদের চলমান আন্দোলনে দেশের জনগণের শতভাগ সমর্থন রয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। এই অবৈধ সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিনাপ্রতিদ্বন্দ্বিতার ও রাতের ভোটের নির্বাচন এদেশের মাটিতে আর করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খোকন সহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


