Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিপ্লব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

না.গঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিপ্লব
Swapno

 

# সুযোগ নিবে জাপার প্রার্থী    

 

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র ৩৫ দিন বাকি। এবারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। সর্বশেষ হিসেবে দেখা যায় যে, ২ হাজার ৭শ’ ৪১ জন এবার নির্বাচনে তিনশ আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। তার মাঝে নারায়ণগঞ্জের ৫টি আসনে ৪৫ জন্য মনোনয়ন পত্র দাখিল করেছে। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। তবে নারায়ণগঞ্জের ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী জমা দিয়েছে ৫ জন।  

 

এছাড়া তৃনমূল বিএনপি, জাকের পার্টি সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের হতে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সবচেয়ে বেশি। এছাড়া নারায়ণগঞ্জ ১ আসনেও স্বতন্ত্র প্রার্থীর সাথে লড়াই হবে। এদিকে এবার নির্বাচনে একটি স্বতন্ত্র বিপ্লব হতে যাচ্ছে বলে মনে করছেন ভোট বিশ্লেষকরা। কারণ প্রতিটি আসনে আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী আছে এবং তারা নির্বাচনে শক্ত লড়াই করবেন তা নিশ্চিত।

 

বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এত সংখ্যক স্বতন্ত্র প্রার্থী কখনও নির্বাচন করেনি। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র বিপ্লব হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত হয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসানত।

 

তাছাড়া এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয়পার্টির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় জাতীয়পার্টির মহাসচিব লিয়াকত হোসেন খোকা মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এএইচএম মাসুদ দুলাল।

 

সেই সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কায়সার হাসনাতের স্ত্রী রুবিয়া সুলতানা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফ ইসলাম ঝলক। নারায়ণগঞ্জের ৫টি আসনের ২টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিপক্ষে দলীয় স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তার মাঝে যারা এলাকায় পরিচিত, জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, প্রচারণা অব্যাহত রেখেছিলেন তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের জন্য বড় ধরনের হুমকি হতে পারে এবং স্বতন্ত্র প্রার্থীদের কারণে আওয়ামী লীগের প্রার্থীর বিপর্যয় ঘটতে পারে। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মত বিরোধের কারণে তৃতীয় পক্ষ লাভবান হতে পারে। এই দিক দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা জয় পেয়ে যেতে পারেন। কেননা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াইয়ের ফলে ভোট কাটা যাবে আওয়ামী লীগের। তখন অন্য কোন দলের প্রার্থী বা অন্য কোন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারে। সেই সুযোগটাই কাজে লাগাবেন জাতীয় পার্টির প্রার্থী।

 

৩০ নভেম্বর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত মনোনয়ন দাখিল করে বলেন, আমরা সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছি। নেত্রীর কাছে আমাদের দাবী ছিল তিনি যেন এখানে নৌকার প্রার্থী দেন। আমাদের সেই দাবী পুরণ হয়েছে। এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার জয় ছিনিয়ে আনবো। এজন্য নেত্রীর নির্দেশনা মেনে আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছি। এস.এ/জেসি  

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সাথে স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে। তাছাড়া এখানে স্বতন্ত্র প্রার্থীরা নৌকার ভোট টেনে নিতে পারেন। এই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের বিপ্লব ঘটতে পারে। এজন্য আওয়ামী লীগের নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে যেতে হবে।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন