আওয়ামীপন্থী আইনজীবীদের বাধায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির সামনে আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনে শিকার দাবি করা বিএনপির নেতাকর্মীদের পরিবারের স্বজনদের নিয়ে জেলা ও মহানগর বিএনপির মানববন্ধনে বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি। গতকাল রোববার (১০ ডিসেম্বর) আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিএনপি। মানববন্ধনকে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়।
এদিকে মানববন্ধনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তাদের মানবাধিকার লঙ্ঘনে শিকার দাবি করে উপস্থিত হলেও বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সেখানে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন তাদের নিয়ে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন শুরু করেন।
এ সময় বক্তব্য চলাকালে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া এতে বাধা দেয়। এ সময় মানববন্ধন পণ্ড করে বিএনপি আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং তাকে আদালত থেকে বের করে দেন।
পরে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলকে বলতে শোনা যায়, আইনজীবী ছাড়া বাইরের লোকজন নিয়ে এখানে কর্মসূচি করবা এটা কেমন কথা? আইনজীবীদের নিয়ে কর।
পরে তিনি সাংবাদিকদের জানান, এখানে ধাক্কা দেবার মতো কোনো ঘটনা ঘটেনি। এখানে কি উনি আইনজীবী হিসেবে এসেছেন? আদালতে বাইরের লোক নিয়ে কোনো আইনজীবী এখন পর্যন্ত কর্মসূচি করেননি। উনি কিভাবে বাইরের থেকে নারীদের এনেছেন এখানে। বারের অনেক নারী আইনজীবীরা আছে, তাদের নিয়ে উনি কর্মসূচি করতে পারতেন।
সে যেই হোক কোনো বাইরের লোকদের এনে কাউকে কর্মসূচি করতে দেয়া হবে না। এখানে বিএনপি-জামায়াত কিছু করার চেষ্টা করেছে আমরা আমাদের বার ও আইনজীবীদের নিরাপত্তায় যা করা দরকার করেছি এবং করবো। আইনজীবীরা আমাদের সেই দায়িত্ব দিয়েছেন। তিনি হটাৎ করে বাইরে থেকে নারী এনে কেন কর্মসূচি করতে চেয়েছেন হয়তো হাইলাইট হতে বা নিজে মিডিয়ায় নেতা হতে এমনটা করেছেন।
এ ব্যাপারে জানতে অ্যাডভোকেট ওমর ফারুক নয়নের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটু ঝামেলায় আছি ভাই, এখন কথা বলতে পারবো না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাশিদা জামাল জানান, আমরা আমাদের কারাবন্দী, নির্যাতিত, গুলিবিদ্ধ, নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে, জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করতে চেয়েছিলাম। যেহেতু আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস তাই আমাদের উপর মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরতেই এ কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচিতে আওয়ামীলীগপন্থী আইনজীবীরা বাধা দিয়ে সেটি পণ্ড করে দিয়েছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, মানবাধিকারের দিবসে বিএনপির যারা গুম-খুনের ভুক্তভোগীর পরিবার ও আরেক আইনজীবীর উপরে হামলা চালিয়ে অমানাবিক দৃষ্টান্ত গঠন করেছে। আওয়ামীলীগপন্থী আইনজীবীরা তারা দেখিয়ে দিয়েছে যে এই দেশে বিন্দু পরিমান ছিঁটাফুঁেটা ও মানবাধিকার নাই। এই সরকার বর্তমানে চায় উত্তর কোরিয়ার কিং-জুম উনের মতো করে এই স্বাধীন দেশকে হরণ করতে চায়।
তারা চায় একটি এক তরফা নির্বাচন যার দিকে তারা এগিয়ে চলেছে। কিন্তু কোনভাবেই এ দেশের এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ হবে না। তারা তাদের পেটুয়া বাহিনী পুলিশ দিয়েই জনগণকে বাধায় রেখে একক রাজত্ব করতে চায়। কিন্তু কোনভাবেই এটার আর সম্ভব হবে না। দেশের জনগণ এই সরকারের নির্বাচনকে প্রতিহত করবে। আর আজকে এই অমানবিক কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই।
এর আগে সকাল থেকে পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্নয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় আদালত প্রাঙ্গণে।


