নিশ্চিত বিজয়ের পথে দুই এমপি ভোটার উপস্থিতিই বড় চ্যালেঞ্জ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পিএম
এবারও নিশ্চিত বিজয়ের পথে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের দুই এমপি। এদের সঙ্গে কোনো যোগ্য প্রতিদ্বন্দ্বী নেই। তাই নারায়ণগঞ্জ শহরের এই দুই ভাই আবারও নিশ্চিৎ বিজয়ের পথে রয়েছেন বলে আরো আগেই নিশ্চিৎ হওয়া গেছে। তারপরেও তারা এবারের নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটার উপস্তিতি ঘটাতে চান বলে জানা গেছে। গতকাল ছিলো মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
আর এই দিনে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টিও প্রার্থী খোকা মোল্লাও মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে নারায়ণগঞ্জের দুই প্রভাবশালী এমপির প্রতিদ্বন্দ্বী হিসাবে যোগ্য কোনো প্রার্থীই নেই। ফলে ভোটারদের অনেকে বলছেন এবার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাতে এই দুটি আসনে কারা নির্বাচিত হচ্ছেন সেটা আগে থেকেই পরিস্কার হয়ে গেছে। নির্বাচিত হচ্ছেন শামীম ওসমান এবং সেলিম ওসমান।
তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে কি লাভ হবে? তারা আরো মনে করেন মাত্র ৫% ভোট কাষ্ট হলেও তারাই নির্বাচিত হবেন। কারন তাদের সঙ্গে প্রার্থী হিসাবে যারা রয়েছেন তাদেরকে কেউ চিনেই না। তাই অনেকে মনে করেন কেবল তাদের অনুগত নেতাকর্মী ছাড়া সাধারন ভোটাররা ভোট কেন্দ্রে নাও যেতে পারেন। তাই এবার সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং সেলিম ওসমানের সামনে মূল চ্যালেঞ্জ হলো ভোট কেন্দ্রেগুলিতে ভোটার উপস্থিতি বাড়ানো।
নারায়ণগঞ্জ-৪ এবং ৫ আসনের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা মনে করেন এবারের নির্বাচনে আরো সহজে বিজয়ী হবেন এই দুই এমপি। এ বিষয়ে একজন রিকশাওয়ালা থেকে শুরু করে সকল শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে তাদের অধিকাংশই ভোট কেন্দ্রে যেতে রাজী নন। তারা পরিস্কার ভাবেই জানিয়ে দেন যে এখানেতো ভোটের কোনো দরকারই নেই।
কারন শামীম ওসমান আর সেলিম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বীতা হতে পারে এমন কোনো প্রার্থীই এবারের নির্বাচনে দাড়াননি। তাহলে আমরা ভোট কেন্দ্রে কেনো যাবো? তারাতো এমনিতেই জয়ী হবেন। শতকরা পাঁচ ভাগ ভোটারও যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন তবুও তারা বিজয়ী হবেন। ফলে ভোটারদের এমন মনোনভাবের বিষয়টি জানতে বা বুঝতে পেরেছেন শামীম ওসমান এবং সেলিম ওসমান নিজেরাও।
তাই তারা ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তৎপর রয়েছেন বলে জানা গেছে। তারা এখন এ বিষয়টি নিয়েই দুশ্চিন্তার মাঝে রয়েছেন। ফলে এরই মাঝে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করে তারা তাদের কর্মী সমর্থকদের মাঠে নামিয়েছেন।
যেকোনো মূল্যে তারা ভোটার উপস্থিতি বাড়াতে চান। এ লক্ষ্যকে সামনে রেখে সংসদ সদস্য শামীম ওসমান তার নির্বাচনী এলাকায় আরো আগে থেকেই প্রত্যেকটি ভোট কেন্দ্রকে ঘিরে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করেছেন। আর এসব কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে তারা যেনো ভোটারদেরকে বুঝিয়ে সুঝিয়ে ভোট কেন্দ্রে আনতে পারেন।


