ফ্রী হিটে ছক্কা মারবেন সেলিম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমান ফ্রি হিটে ছক্কা মারতে যাচ্ছেন। কারণ নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দীর্ঘদিনের হাহাকার থাকা সত্ত্বেও ফের উক্ত আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীক মেলেনি। তবে আওয়ামীলীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকলেও কেউ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সাহসিকতা দেখায়নি।
যার কারণে প্রতীক বরাদ্দের পূর্বেই সেলিম ওসমানের নির্বাচনী রাস্তা অনেকটা ফাঁকা করে দেয় আওয়ামীলীগ। তাছাড়া তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় যে সকল দলের প্রার্থীরা রয়েছে তাদের রাজনৈতিক দল তথা তাদের পরিচিতি ভোটারদের কাছে নেই বললেই চলে। এছাড়া জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে সর্বনিম্ন প্রার্থী সেলিম ওসমানের সাথে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। যার কারণে অনেকটা ক্রিকেট খেলার প্রচলিত রীতি ফ্রি হিটের মত নির্বাচনী জয় হাকাচ্ছেন সেলিম ওসমান যেখানে আউট হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
সূত্র বলছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন সেলিম ওসমান। তবে তার সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী মাঠে রয়েছেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট থেকে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে এএসএম একরামুল হক, তৃণমূল বিএনপি থেকে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে মো. আব্দুল হামিদ ভাসানী, বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে ‘একতারা’ প্রতীক নিয়ে ছামসুল ইসলাম। তবে মনোনয়ন দাখিলের সর্বশেষ দিনেই সেলিম ওসমানের নির্বাচনী মাঠ ফাঁকা করে দেন আওয়ামীলীগ।
যার কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতা করার মত দল প্রতীক বরাদ্দের আগেই সড়ে যায়। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা পাঁচটি সংসদীয় আসনে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও নারায়ণগঞ্জ-৫ আসনে গুটিকয়েক দলের প্রার্থীরা রয়েছে। এতে করে নারায়ণগঞ্জ-৫ আসনে জাপার প্রার্থীর প্রতিদ্বন্দ্বি থেকেও নেই।
কারণ বাংলাদেশ ইসলামি ফ্রন্ট থেকে ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী এএসএম একরামুল হক, তৃণমূল বিএনপি থেকে ‘সোনালী আঁশ’ প্রতীকের প্রার্থী মো. আব্দুল হামিদ ভাসানী, বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে ‘একতারা’ প্রতীকের প্রার্থী ছামসুল ইসলামের মত প্রার্থীদের রাজনৈতিক দল এবং তাদের পরিচিতির সাথে জাতাীয় পার্টি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের সাথে তুলনা করা হলে আকাশ পাতাল পার্থক্য দেখা মিলবে।
এতে করে আগামী ৭ ডিসেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমান অনেকটা ক্রিকেট খেলার মত ফ্রী হিটে নির্বাচনী জয় পেতে যাচ্ছেন। যেখানে হারের কোন রকম ভয় নেই বললেই চলে। এস.এ/জেসি


