Logo
Logo
×

রাজনীতি

বিজয় নিশ্চিত জেনেও মাঠ চষছেন তারা

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম

বিজয় নিশ্চিত জেনেও মাঠ চষছেন তারা
Swapno

 

নারায়ণগঞ্জের আবালবৃদ্ধবনিতা অবাক বিস্ময়ে দুই ভাইয়ের নির্বাচনী কারিশমা অবলোকন করছেন। দারুণভাবে উপভোগ করছেন তাদের নানাবিধ কার্যকলাপ। বিজয় নিশ্চিত জেনেও তারা হাত পা গুটিয়ে না রেখে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। পাড়া মহল্লায় গণসংযোগ করছেন। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় সবকিছুই করছেন।   

 

আলোচিত এই দুইভাই হলেন, ওসমান পরিবারের তৃতীয় প্রজন্ম সেলিম ওসমান ও শামীম ওসমান। এক পিতার সন্তান হলেও তারা নির্বাচন করছেন পৃথক দল থেকে। বড় ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে আর ছোট ভাই শামীম ওসমান আওয়ামী লীগের নৌকা নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে লড়ছেন। এই দুই ভাইয়ের প্রার্থীতা এবং বিজয় নিশ্চিত করতে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কাজ করছে বলে গুঞ্জন রয়েছে।

 

জাতীয় পার্টির প্রার্থী হলেও সেলিম ওসমান শেখ হাসিনার আজ্ঞাবহ। তিনি মনেপ্রাণে শেখ হাসিনাকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই শেখ হাসিনার সাথে ওসমান পরিবারের একটা নিবিড় সম্পর্ক বিরাজমান। সেলিম ওসমান রাজনীতিতে আসতে চাননি। তিনি ব্যবসা করতেন। ব্যবসায়ীদের নেতৃত্ব দিতেন। কিন্তু হঠাৎ করেই তার বড় ভাই নাসিম ওসমান মারা গেলে তিনি রাজনীতিতে আসতে বাধ্য হন। নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৫ আাসনের জাতীয় পার্টির এমপি।

 

ওই আসনের উপ-নির্বাচনে তাকে জাতীয় পার্টির প্রার্থী করা হয়। তিনি এমপি নির্বাচিত হয়ে রাজনীতির খাতায় নাম লিখান। তখন থেকেই তিনি ব্যবসায়ী নেতৃত্বের পাশাপাশি রাজনীতিকেও সঙ্গী করে নেন। খন্ডিত সময়সহ উক্ত আসনের ২ বারের এমপি সেলিম ওসমান এবারও জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন। নির্বাচনী মতবিনিময় সভায় তাকে বলতে শোনা যায়, ‘আমি এখন বুড়োদের কাতারে। আমি নির্বাচন করতে চাইনি।

 

কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচন করতে বলেন, তখন না করা শোভনীয় হয় না। তিনি তো আমাদের পরিবারের অভিভাবক। আমি কোন দল চিনি না, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি শেখ হাসিনার প্রার্থী। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জয়ী করে আবার ক্ষমতায় আনতে হবে। তাই ৭ জানুয়ারি সকালে পরিবার পরিজন সহ সদলবলে ভোটকেন্দ্রে যেতে হবে।’ বিএনপির লোকেরাও যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য তাদেরকে হয়রানি না করে বাড়িতে আসতে দিতে পুলিশের প্রতি অনুরোধ রাখেন তিনি।  

 

অপরদিকে শামীম ওসমান ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখেন। নারায়ণগঞ্জ-৪ আসনের ৩ বারের এমপি শামীম ওসমান এবারও উক্ত আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকলেও তিনি সমানে মিটিং মিছিল চালিয়ে যাচ্ছেন।

 

কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে বিজয় লাভ করাটা এখন তাদের ২ ভাইয়ের জন্যই সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরও শামীম ওসমান যখন প্রকাশ্য উঠান বৈঠকে বলেন, ‘কেনো জানি মনে হয়, আমি আর বাঁচবো না’, তখন তার অনুগামী অনেকের চোখ টলটল করে ওঠাই স্বাভাবিক। এস.এ/জেসি          


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন