Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা হচ্ছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

নির্বাচনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা হচ্ছে
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নির্বাচনের নামে যে সার্কাস হচ্ছে তাতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমাদের কাছে খবর আছে সারা জেলার সব কয়টি আসনে জোর করে ভোটারদের ভোট কেন্দ্রে নেয়ার চেষ্টা চলছে। এমনকি বিএনপির ভোটারদের টার্গেট করা হয়েছে। কারণ তারা দেখাতে চায় এই নির্বাচনে ভোটাররা ভোট দিতে গিয়েছে।

 

কিন্তু আমরা জেনেছি ভোটাররা কোনো মতেই এই ভাগ-বাটোয়ারার নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে রাজি হচ্ছেন না। কারণ তারা বেশ ভালো করেই জানেন এবারের এই নির্বাচনও হচ্ছে একতরফা। আর যে নির্বাচনে আগে থেকেই জানা থাকে কারা জোর করে ক্ষমতায় আসছে সেই নির্বাচন নিয়ে যা ঘটছে তাতে এসব দেখে সাধারণ মানুষ আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা হাজার চেষ্টা করেও কিছু দলকানা লোক ছাড়া কাউকে ভোট কেন্দ্রে নিতে পারবে না। তাই অনেক ভোট কেন্দ্রই খালি পরে থাকবে বলে বুঝতে পারছে সরকারী দলের প্রার্থীরা। তাই তারা জোর করে কিছু লোক হাজির করে নাটক করার চেষ্টা করছেন।

 

তিনি আরো বলেন, এটাতো দিবালোকের মতো স্পষ্ট যে আওয়ামী লীগ একটি একতরফা নির্বাচন করছে। আর এই নির্বাচনকে দেশের মিডিয়া এবং বুদ্ধিজীবী মহল আরো আগেই ডামি নির্বাচন হিসাবে আখ্যায়িত করেছে। এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। তাই আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো আসুন আমরা সকলে মিলে নির্বাচনের নামে এই সার্কাস প্রতিহত করি।

 

অপরদিকে এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সরকার মনে করে কেবল মাত্র তারাই চালাক আর এ দেশের সব মানুষ বোকা। তারা গণতান্ত্রিক বিশ্বকেও বোকা বানাতে চায়। নিজেরা নাশকতা করে তদন্তের আগেই পুলিশকে দিয়ে বিএনপির উপর দোষ চাপানো হচ্ছে। আপনারা দেখেছেন ট্রেনে আগুন দিয়ে কিভাবে কোনো রকম তদন্ত না করেই বিএনপির উপর দোষ চাপিয়ে বক্তব্য দিয়েছে পুলিশ।

 

আমরা ট্রেনে আগুন দিয়ে মা ও শিশু সহ চারজনকে পুরিয়ে মারার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি এবং এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। অন্যথায় সরকার এই ধরণের ঘটনা আরো ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দোষ চাঁপানোর চেষ্টা করবে। তিনি বলেন এই দেশে আওয়ামী লীগ আরো অনেক নাশকতা ঘটিয়ে রাজনৈতিক বেনিফিট নেয়ার চেষ্টা করেছে। এখন তারা আরো ভয়ংকর খেলায় মেতে উঠেছে। অথচ প্রত্যক্ষদর্শী বলছে ট্রেনে যারা আগুন দিয়েছে তাদের পরনে রেলওয়ে কর্মীদের পড়া ইউনিফর্ম ছিলো।

 

আর সবচেয়ে বড় কথা হলো পুলিশ যেনো আগে থেকেই ঠিক করে রেখেছিলো এমন একটি মর্মান্তিক ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হবে এবং বিএনপির উপর দোষ চাপানো হবে। নইলে তারা ঘটনা ঘটার সাথে সাথে কোনো তদন্ত না করেই কেনো বিএনপিকে অভিযুক্ত করে বক্তব্য দিলো? তাই এই ধরনের নাশকতা প্রতিরোধে আমরা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার দাবি জানাচ্ছি।

 

তিনি আরো বলেন, সরকার নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করছে এই নাটক দেশে বিদেশে কারো কাছেই গ্রহনযোগ্যতা পাচ্ছে না। এই ধরনের একতরফা নির্বাচন করে সরকার এই দেশকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যার খেসারত এ দেশের প্রত্যেকটি সাধারণ মানুষকেই দিতে হবে। তাই দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সরকারের এই প্রহসনের নির্বাচন বন্ধ করবে ইনশাআল্লাহ। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন