সেনাবাহিনীকে স্বাক্ষী গোপাল করা যাবেনা : তৈমূর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা আমি দেখি না। সেনাবাহিনী নামানো হবে ভাল কথা। কিন্তু সেনাবাহিনীকে সাক্ষী গোপাল করা যাবে না। সেনাবাহিনীকে ক্ষমতা দিতে হবে।
যেখানে সন্ত্রাস সেখানেই যেন তারা প্রতিরোধ করতে পারে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) রূপগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় একথা বলেন তিনি। তিনি বলেন, রূপগঞ্জের কাঞ্চনে গতকাল সরকারি দলের নিজেদের মধ্যে যে খুনোখুনি হয়েছে, যেভাবে দেশি বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আমরা এতে খুব সন্দিহান হয়ে পড়েছি।
জনগণ যেন সেনাবাহিনীর কার্যক্রম দেখে মনে করে যে সেনাবাহিনী এসেছি একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেয়ার জন্য। আমার পোস্টার ফেস্টুন যেখানে লাগাই সেখানেই রাতে গিয়ে ছিড়ে ফেলে। আমি এসপি সাহেবকে বলেছি তিনি বলেছেন ব্যাবস্থা নেবেন। দেখি কী ব্যাবস্থা নেয়।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সরকারি দলের মধ্যেই যদি খুনোখুনি হয় এবং প্রধানমন্ত্রী ব্যাবস্থা না নেন তাহলে আমরা কিভাবে মনে করবো তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। এতে বিরোধীদল যে বলছে সুষ্ঠু নির্বাচন সম্ভব না সেটাই প্রমানিত হবে।


