আইভীর সাথে সেলিম ওসমানের এক ঘন্টার ফোনালাপ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে কথা বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান। এসময় নারায়ণগঞ্জের উন্নয়নে এক সাথে বসার আহবান জানান মেয়র আইভী। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরে সোমবাড়িয়া বাজারে এক নির্বাচনী সভায় এমন তথ্য জানিয়েছেন সেলিম ওসমান।
তিনি বলেন, আজ আমি এক ঘন্টা যাবৎ এক জনের সাথে কথা বলেছি। সে হলেন সিটি কর্পোরেশনের মেয়র। তাকে আমি বলেছি, আমি কি করতে পারি, জনগণের জন্য আমার কি করা লাগবে। আমার ছোট বোন বলেছে, ভাই আমাদের একসাথে বসতে হবে, নারায়ণগঞ্জের সকল ঝগড়া বন্ধ করতে হবে। আমি বলতে চাই, যেকোন সিদ্ধান্ত আমাদের টেবিলে বসে নিতে হবে। সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে।
সেলিম ওসমান বলেন, আগামীতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সকলে মিলে আমরা জনগণের উন্নয়নের জন্য কাজ করবো। আমরা মানুষকে ভালোবাসি। প্রত্যেকটা ধর্মেই বলা হয়েছে মানুষ হয়ে মানুষের উপকার করো। আমি মানুষের উপকার করতে ভালোবাসি। তাই আমাকে আরও একটা সুযোগ দেন নারায়ণগঞ্জের আনাচে-কানাচে যত উন্নয়নের কাজ প্রয়োজন, আমার হায়াত থাকলে আমি করবো।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওরা নির্বাচনকে ভয় পায়। গত বার নির্বাচন করেছে, কয়েকজন পাশও করেছে। সরকার থেকে তারা বাড়িঘর নিয়েছে, গাড়ি নিয়েছে। একবছর পর বলে, আমরা থাকবো না, পদত্যাগ করলাম। আপনাদের সরকার ছাড়তে হবে। এটা কি মানা যায়। গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা আগে কখনও হয় নি।
২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


