Logo
Logo
×

রাজনীতি

সেলিম ওসমানের প্রচারণায় বিএনপির বিদ্রোহী গ্রুপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম

সেলিম ওসমানের প্রচারণায় বিএনপির বিদ্রোহী গ্রুপ
Swapno

 

# মুকুল আসতে চেয়েছিল আমি না করেছি : সেলিম ওসমান
# বিএনপি নেতা হান্নান, সুলতান ও মুরাদকে পাঠিয়েছেন মুকুল
# ৭ তারিখের পর মুকুলকে ১১টি গরু জবাই করতে বলেছেন তিনি
# তার ভক্ত বিএনপি নেতাদের হয়রানি না করতে প্রশাসনকে বলে দিয়েছেন তিনি

 

 

এবার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন নারায়ণগঞ্জ বিএনপির বিদ্রোহী গ্রুপ খ্যাত নেতাদের একটি বড় অংশ। বিশেষ করে বন্দর বিএনপির এক সময়ের শীর্ষ সারির নেতা আতাউর রহমান মুকুলের নেতৃত্বে তাদের প্রভূ খ্যাত ওসমান পরিবারের হয়ে এবারও মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ এবং আসন্ন নির্বাচনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান।

 

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির এই নেতাকে জয়ী করতে মুকুল তার দলীয় জোটের প্রার্থী এসএম আকরামের বিপক্ষে প্রকাশ্যে কাজ করেছেন বলে জানা গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেখানে তাদের দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে একদফা দাবিতে আন্দোলন করছে। সেখানে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি সেলিম ওসমানের নির্বাচনী জনসভায় আসতে চেয়েছিলেন বলে জানান সেলিম ওসমান।

 

বরং ৭ তারিখের নির্বাচনে লাঙ্গল জয় লাভ করলে মুকুলকে তার কাছ থেকে ১১টি গরু কিনে জবাই দেয়ার জন্য বলে দিয়েছেন বলেও জানান সেলিম ওসমান। সেলিম ওসমান জানান, তাই আতাউর রহমান মুকুল না এসে তার পক্ষ হতে বিএনপির তিনজন নেতাকে পাঠিয়েছে।

 

আতাউর রহমান মুকুল নারায়ণগঞ্জ বিএনপির প্রথম সারির নেতা হলেও তিনি ওসমান পরিবারের খুবই বিশ্বস্ত বলে বিভিন্ন সময় বক্তব্যের মাধ্যমে প্রচার করেছেন জাতীয় পার্টি নেতা ও এমপি সেলিম ওসমান। সেলিম ওসমান আরও বলেন, মুকুল (বিএনপি নেতা আতাউর রহমান মুকুল) আসতে চেয়েছিল, আমি বলেছি, তোমার আসা দরকার নেই। তুমি পিছনে থেকেই কাজ করো। তারপরও সে বলেছে আমি আসবো-ই। আমি বলেছি, তাহলে একটি কাজ করো, ৭ তারিখের পর তুমি ১১টি গরু জবাই করবে, তখন তুমি আনন্দ করবা।

 

তখন আমরা তোমাকে বলবো তুমি একটি দল কর। এরপর আমাকে রিকুয়েষ্ট করে আজকে বিএনপির তিনজন নেতাকে আমার কাছে (নির্বাচনী জনসভায়) পাঠিয়েছেন। সেলিম ওসমান এই তিনজনের নাম মাইকে মাধ্যমে ঘোষণা করে বলেন, আমি এদের ভালবাসি, এরাও আমাকে ভালবাসে। আমি বারবার বলেছি, আমার নারায়ণগঞ্জের, বন্দরের পুলিশ তাদেরকে যেন ডিস্টার্ব না করে। ওরা আমাদের সাথে থেকে ৭ তারিখে গরু দেয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা করবে।

 

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)’র কঠোর সমালোচনা করেন। এই বন্দরে ৯৫ পার্সেন্ট ভোট গ্রহণ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেলিম ওসমান আরও বলেন, আমি কথা দিচ্ছি যদি আমি পাস করতে পারি তাহলে মুকুলের কাছে আমি গরু বিক্রি করব। মুকুল আমার কাছ থেকে গরু কিনবে, আর ১১ গরু এখানে জবাই হবে। আমার বন্দরে যত ভোটার নন ভোটার আছেন, আমরা সারাদিন এখানে আনন্দ করব।

 

উল্লেখ্য, আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে দলের কঠিন সময়ে দলের বিপক্ষে গিয়ে ওসমান পরিবারের হয়ে কাজ করার অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও আতাউর রহমান মুকুল তার ওসমান পরিবারের বিশ্বস্ততার প্রমাণ রাখতে গিয়ে দলের বিরুদ্ধে প্রকাশ্যে কাজ করেছেন বলে অনেক অভিযোগ আসে দলের বিভিন্ন সূত্র থেকে। বিভিন্ন মিডিয়ায়ও তার একাধিক দল বিরোধী কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করা হয়।

 

২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপি জোটের প্রার্থী এসএম আকরামের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে জোর করে বের করে দেন বলে বন্দরের বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া যায়। গত বছরের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ার পর মুকুল তার সঙ্গীদের নিয়ে কমিটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কমিটির সমালোচনাসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটুক্তি করেন।

 

সেলিম ওসমানকে খুশি করার জন্য উপজেলা নির্বাচনে তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নির্বাচন থেকে সরে দাঁড়ান বলে অভিযোগ পাওয়া যায়। দলের কঠিন সময়েও যেখানে সাধারণ মানুষ ঘরে থাকাও সম্ভব হয় না, সেখানে জাতীয় পার্টির নেতার সাথে একই মঞ্চে বসে তাদের দলীয় দুর্নাম, দলীয় প্রতিষ্ঠাতার দুর্নাম শুনে হাসেন বলেও অভিযোগ আসে তার বিরুদ্ধে। তাই তিনি না করলেও মুকুল তার নির্বাচনী জনসভায় আসতে চাওয়াটা নতুন কিছু নয় বলেও জানান দলীয় একাধিক সূত্র।

 

সম্প্রতি বন্দরে এক নির্বাচনী জনসভায় সেলিম ওসমান নাসিকের স্থানীয় কাউন্সিলর নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আবুল কালামের পুত্র ও বিএনপি নেতা আবুল কাউসার আশাকে দেখতে না পেয়ে বলেন, আশা আজকে কোথায় গেল। আমি বুঝলাম না, আমার এত প্রিয় ভাতিজা আশা আজকে কোথায় গেল। তিনি আরও বলেন, তোমরা বিএনপির গোলাম না যে, লন্ডন থেকে হুকুম দিলেই তোমাদের গিয়ে রেল লাইন কাটতে হবে। আমার গ্যারান্টি, আমার সাথে থাকো, পুলিশ তোমাদের ধরবে না। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন