বিএনপির তুলনায় প্রচারণায় জামায়াতের প্রার্থীদের চমক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
বিএনপির তুলনায় প্রচারণায় জামায়াতের প্রার্থীদের চমক
রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ব্যস্ততা বেড়েছে। জোরেশোরে চলছে ভোটের প্রস্তুতি। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জামায়াত গত বছর ৫ আগস্টের পরপরই কার্যক্রম শুরু করায় নির্বাচনী আয়োজনের প্রায় সব কাজই গুছিয়ে এনেছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ শুরু করলেও এখনও প্রার্থী বাছাই শেষ হয়নি। পোলিং এজেন্ট নির্ধারণ ও প্রশিক্ষণ কাজ শুরু করতে পারেনি। অন্যদিকে এনসিপির ব্যস্ত সময় যাচ্ছে সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণে।
তাছাড়া নারায়ণগঞ্জের ৫টি আসনে একাধিক প্রার্থী হয়ে রয়েছে এনসিপি থেকে। তবে নারায়ণগঞ্জের ৫টি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা ব্যপক ভাবে প্রচারনায় রয়েছেন। ইতোমধ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনে জামায়াতের প্রার্থীদের এজেন্টদের নিয়ে মাস্টার পুলিং এজেন্ট ট্রেইনার প্রশিক্ষন করা হয়েছে। কিন্তু বিএনপি সহ অন্যান্য দল তাদের ধারে কাছেও নেই। এই দিক বিএনপি বড় দল হয়েও তারা অনেকটা পিছিয়ে রয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসনে সর্বাত্মক নির্বাচনী প্রচারে নেমেছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। গত ফেব্রুয়ারি থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা শুরু করে প্রচারে নামে দলটি। জুলাইয়ের মধ্যে ২৯৮ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম জানানো হয়। ইতোমধ্যে আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করেছে তারা। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ৫টি আসনেও তাদের কমিটি হয়েছে। সারাদেশে ৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রায় ৪০ হাজারের জন্য কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। এখন চলছে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ। সেই হিসেবে নারায়ণগঞ্জের জামায়াতের আসন ভিত্তিক এজেন্টদের প্রশিক্ষন হয়েছে।
দলীয় তথ্যমতে, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডের শতাধিক পোলিং এজেন্টদের নিয়ে ৩১ অক্টোবর শুক্রবার শহরের মাসদাইর এলাকায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৭ অক্টোবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নারায়ণগঞ্জ - ৫ আসনের পুলিং এজেন্ট মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ আন নূর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে এজেন্টদের নিয়ে প্রশিক্ষন শেষ করা হয়েছে। এমনকি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের প্রতিটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রচারনা করে গণসংযোগ করে নিজেদের শক্তিশালী করে যাচ্ছেন।
অন্তবর্তী কালিন সরকারের প্রধান ড.ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথম দিকে নির্বাচন হতে পারে বলে ঘোষনা দিয়েছে। সেই অনুযায়ী রোডম্যাপও ঘোষনা করেছে। সেই হিসেবে ইতোমধ্যে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রার্থী ঘোষনা করেছে আরও ১ বছর আগে থেকে। দলের ঘোষিত প্রার্থীরা পাড়া মহল্লায় গিয়ে মানুষের সাথে মিশে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরী করছেন।
খোঁজ নিয়ে জানা যায় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের কার্যক্রম চলছে একসাথেই। ‘জামায়াতের প্রার্থীরা এখন স্ব স্ব আসনের সমস্যা নিয়ে কাজ করছেন। সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছেন জনগনের কাছে। আওয়ামী লীগ ও বিএনপি আমলে তুলনামূলক বঞ্চিত বা অবহেলার শিকার হওয়া অঞ্চলের বাসিন্দারা সাদরে গ্রহণ করছেন জামায়াতের প্রার্থীদের। নারী ভোটারদের পক্ষে টানতে জামায়াতের মহিলা শাখা ঘরে ঘরে প্রচার চালাচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে তারা নারী সমাবেশ করছে। জামায়াতের নির্বাচনী ইশতেহারে নারীদের জন্য কী কী সহায়তা কর্মসূচি থাকবে, তাও জানাচ্ছে।
তথ্যমতে, দলের প্রচার কৌশল নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩০ বছর বয়সী সাড়ে তিন কোটি তরুণ এবং নারী ভোটারদের গুরুত্ব দিয়ে। পুরুষ ভোটাররা সাধারণত জাতীয় রাজনীতির ইস্যুগুলোকে বিবেচনায় নিয়ে ভোট দেন। নারীরা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিকে গুরুত্ব দেন। তরুণরা প্রথাবিরোধী এবং পরিবর্তনকে সমর্থন করেন।
সুত্রমতে, নারায়ণগঞ্জ-৪ আসনে মহনাগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার ফতুল্লা সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় সভা করে দলীয় কার্যক্রমের পাশা পাশি বিগত সময়ে নিজেরা কি পরিমান নির্যাতিত হয়েছে তা তুলে ধরছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাইনুদ্দিন। ইতোমধ্যে তিনি নারায়ণগঞ্জ-৫ সদর বন্দর এলাকার তৃনমূল পর্যায়ে ব্যানার পোষ্টার টানিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করে প্রচার প্রচারনা চালিয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করবেন ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে লড়বেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক। তারা প্রচারনার সাথে পুলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষন শেষ করেছে। যা বিএনপির প্রার্থীরা এখনো করতে পারে নাই।


