Logo
Logo
×

রাজনীতি

হাতেমের নির্দেশে এমপি আল-আমিনকে নাজেহাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম

হাতেমের নির্দেশে এমপি আল-আমিনকে নাজেহাল

হাতেমের নির্দেশে এমপি আল-আমিনকে নাজেহাল

Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টদের দোসর’ বলে মন্তব্য করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিনকে অবরুদ্ধ করে নাজেহাল করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সালসহ অন্তত ৪-৫ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পঞ্চবটি বিসিক শিল্পনগরী এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ পূর্ব থানা।

সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন পেশাজীবী ফোরামের উদ্যোগে বিসিক শিল্পনগরীতে শিল্প মালিকদের অংশগ্রহণে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি হাতেম, মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় জামায়াত নেতা মাইনুদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন এমপি আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য দিতে গিয়ে এমপি আল আমিন বলেন, “এখানে ফ্যাসিস্টদের দোসরদের উপস্থিতি দেখে আমি এ অনুষ্ঠানে বসতে পারছি না।” তার এই বক্তব্যের পরপরই অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের পর হাতেম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর তার অনুসারীরা এমপি আল আমিনকে ঘিরে ফেলেন এবং তাকে একটি শিল্প প্রতিষ্ঠানের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সেখানে মব সৃষ্টির অভিযোগ ওঠে।

এনসিপি সূত্র দাবি করেছে, ‘হাতেমের অনুসারীদের হামলায় তাদের শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সালসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এসপি ও ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টা পর এমপি আল আমিনকে নিরাপদে উদ্ধার করে এনসিপির কার্যালয়ে নিয়ে যায়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ভবনের ভেতরে অবস্থানরত এমপি বাইরে বের হননি।

পুলিশ সূত্র জানায়, সংসদ সদস্য আল-আমিন যে পাঁচতলা ভবনে ছিলেন, তার চতুর্থ তলাতেই অনুষ্ঠান চলছিল। রাত ৮টা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা টিম পাঠাই। আমি নিজেও ঘটনাস্থলে যাই। এমপিকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ‘একটি ইফতার মাহফিল অনুষ্ঠানে সংসদ সদস্যের বক্তব্য ঘিরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ইফতার অনুষ্ঠান থেকে ওয়াক আউট করেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ গিয়ে এমপি মহোদয়কে নিরাপত্তা দিয়ে তাঁর কার্যালয়ে নিয়ে যান।’

উদ্ধারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমপি আল আমিন বলেন, “আমরা তাকে ফ্যাসিস্টের দোসরই মনে করি। যদি জানতাম তিনি অনুষ্ঠানে থাকবেন, তবে আমি এখানে আসতাম না।” তিনি আরও বলেন, “ফ্যাসিস্টের দোসরকে দোসর বলার কারণে যদি একজন নির্বাচিত সংসদ সদস্যকে অবরুদ্ধ হতে হয়, তবে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।” আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি অভিযোগ করে বলেন, “ঝুট ব্যবসায়ী ও চাঁদাবাজদের দিয়ে যদি কেউ গুন্ডামি করতে চায়, জনগণ তা প্রতিহত করবে।” অন্যদিকে, মহানগর জামায়াতের আমির আব্দুল জাব্বার বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সবাই মিলে আলোচনা করে বিষয়টির সমাধান করবো।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন